ফের খড়্গপুর আইআইটিতে ছাত্রের মৃত্যু। বৃহস্পতিবার দুপুরে তিন তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই ছাত্রের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম অঙ্কিত শর্মা (১৮)। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
বাড়ি রাজস্থানে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, এদিন নালন্দা কমপ্লেক্সের তিন তলা থেকে মাটিতে পড়ে যায় অঙ্কিত। আর তাতেই গুরুতর আহত হয় সে। তা নিরাপত্তারক্ষীরা দেখতে পেয়েই রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষরক্ষা হয়নি। তবে কীভাবে ওই ছাত্র নীচে পড়ে গেল, তা এখনও জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়্গপুর টাউন থানার হিজলি ফাঁড়ির পুলিশ। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু পুলিশ।
এই প্রথম নয়, এর আগেও একের পর পর ছাত্রছাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গত বছর ডিসেম্বর পর্যন্ত সাত জন পড়ুয়ার অপমৃত্যু হয়েছিল এই প্রতিষ্ঠানে। চলতি বছর এপ্রিলে মৃত্যু হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েরই তৃতীয় বর্ষের ছাত্র জয়বীর সিং দোডিয়ার। তিনিও প্রতিষ্ঠানের অটল বিহারী হলের আট তলা থেকে পড়ে গিয়েছিলেন। ফের ছাত্রমৃত্যুর ঘটনায় নতুন করে শোরগোল শুরু হয়েছে।