নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনকে ঘিরে বিরোধীদের বিক্ষোভের মধ্যেই তীব্র ভাষায় সরব হলেন কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের দিকে ইন্ডিয়া ব্লকের মিছিল চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, ভোট চুরির মতো কর্মকাণ্ড চলতে থাকলে দেশের গণতন্ত্র ও সংবিধান বিপন্ন হবে।
খাড়গের দাবি, এভাবে চলতে থাকলে দেশে গণতন্ত্রের অবসান ঘটবে এবং সংবিধান ধ্বংস হয়ে যাবে। পরিস্থিতিকে হিটলারের শাসনের সঙ্গে তুলনা করে তিনি বলেন, সাধারণ মানুষকে ফের পরাধীনতার দিকে ঠেলে দেওয়া হবে।
তিনি বলেন, “এঁরা এই কাজ করতে থাকলে দেশে গণতন্ত্র শেষ হয়ে যাবে, সংবিধান ধ্বংস হবে, হিটলারের মতো শাসন কায়েম হবে এবং গোটা দেশের মানুষকে দাসত্বের দিকে ঠেলে দেওয়া হবে।”
ইন্ডিয়া জোটের নেতারা এই কারণেই প্রতিবাদে পথে নেমেছেন বলেও জানান খাড়গে। তাঁর বক্তব্য, গণতন্ত্র রক্ষার দাবিতে বিরোধীদের এই লড়াই চলবে এবং তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
এদিন নির্বাচন কমিশনের উদ্দেশে ইন্ডিয়া ব্লকের মিছিলকে ঘিরে দিল্লিতে উত্তেজনা তৈরি হয়। সংসদ চত্বর থেকে শুরু হওয়া মিছিল কমিশনের দফতরের কাছে পৌঁছনোর আগেই পুলিশি ব্যারিকেডে আটকে যায়। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে আটক করা হয়। পরে তাঁরা পুলিশ বাস থেকে নেমে ফের কমিশনের দফতরের দিকে যাওয়ার চেষ্টা করেন।
ভোটার তালিকার SIR প্রক্রিয়া নিয়ে বিরোধীদের অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিকে কেন্দ্র করে এই আন্দোলন। খাড়গের মন্তব্যের পর রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে।