কলকাতা, নিউজ ডেস্ক: নিউমার্কেটে অগ্নিকাণ্ডের পর কলকাতা জুড়ে হোটেল ও গেস্ট হাউসগুলিতে শুরু হয়েছে কড়া নজরদারি। অগ্নি নিরাপত্তা-সহ বিভিন্ন নিয়ম মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে পুরসভার তরফে চলছে লাগাতার সার্ভে। দুর্গাপুজোর নিয়ে শহর কলকাতার হোটেল ও গেস্ট হাউসগুলির বিরুদ্ধে চরম প্রশাসনিক পদক্ষেপ নিল কলকাতা পুরসভা।
মঙ্গলবার কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে জানিয়েছেন, ৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৯৬০টি গেস্ট হাউস সার্ভে করা হয়েছে। এর মধ্যে ৯১৯টি গেস্ট হাউসকে ক্লোজ নোটিস দেওয়া হয়েছে। পুর কমিশনারের দাবি, অধিকাংশ ক্ষেত্রেই ফায়ার সেফটি সংক্রান্ত সমস্যা ধরা পড়েছে। তবে নিয়ম মেনে পরিকাঠামোগত ত্রুটি সংশোধনের সুযোগও দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুর কমিশনার। তাঁর কথায়, নিয়ম মেনে অগ্নি নিরাপত্তা-সহ প্রয়োজনীয় ব্যবস্থা সম্পূর্ণ করতে পারলে ফের খোলার অনুমতি মিলতে পারে।
গত অগাস্ট মাসে নিউ মার্কেট এলাকার একটি পাঁচতলা বিল্ডিংয়ে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। প্রাণ বাঁচাতে কেউ উপর থেকে ঝাঁপ দেন। কেউ জানলার গ্রিল খুলে বেরিয়ে দাঁড়িয়ে থাকেন কার্নিসে। একে একে বের করে আনা হয় আবাসিকদের। ততক্ষণে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। মৃতদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশেরও নাগরিক ছিল।
চিকিৎসার জন্য তাঁরা কলকাতায় এসেছিলেন। নিউ মার্কেট অগ্নিকাণ্ডে গ্রেফতার করা হয় ‘শিখা ইন’-এর মালিককে। শুধু তাই নয়, এই ঘটনার পর রাজ্য সরকার সমস্ত জেলায় অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অডিট করার নির্দেশ দেয়। এরপরই একাধিক এলাকায় শুরু হয়েছে পুরসভা ও দমকলের যৌথ পরিদর্শন।