কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ফের একবার বড় ধর্মীয় সমাবেশের আয়োজন শুরু হয়েছে। ৫ লক্ষ কন্ঠে গীতা পাঠের পর এরপর ব্রিগেডে ৯ দিনব্যাপী 'রামকথা'-র আয়োজন করা হয়েছে। সূত্রের খবর আগামী বছর জানুয়ারি মাসে এই মেগা ধর্মীয় কর্মসূচি হওয়ার কথা। জানা গিয়েছে, অনুষ্ঠানে প্রায় তিন লক্ষের বেশি ভক্তের সমাগম হতে পারে বলে ধারণা।
সূত্রের খবর, এই বিশাল ধর্মীয় কর্মসূচির আয়োজন করছে কলকাতার সামাজিক সংগঠন অগ্রসেন সমাজ। মধ্য প্রদেশের চিত্রকূটের তুলসী পিঠের প্রধান আধ্যাত্মিক গুরু এই অনুষ্ঠানে রামকথা পাঠ করবেন বলে জানা গিয়েছে। এই ধর্মীয় কর্মসূচি নয় দিন ধরে চলবে এবং রামকথা পাঠের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় আলোচনাও চলবে।
সূত্রের খবর, অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করতে কলকাতায় আচার্য রামচন্দ্র দাস এসেছিলেন যিনি মধ্যপ্রদেশের তুলসী পিঠের বিশিষ্ট প্রতিনিধি। আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতার মিডিলটন স্ট্রিটে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে বৈঠক করেছেন। বৈঠকে ব্রিগেডে আসন্ন মেগা ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে।
আয়োজকদের দাবি, কলকাতা তথা পুরো পশ্চিমবঙ্গে ধর্মীয় ও সাংস্কৃতিক আবহ তৈরি করায় এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। এর পাশাপাশি, বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতির কথা মাথায় রেখে অনুষ্ঠানস্থলে নিরাপত্তা ও বিভিন্ন পরিকাঠামোগত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
উল্লেখ্য, ব্রিগেডে সম্প্রতি '৫ লক্ষ কন্ঠে গীতাপাঠ' উপলক্ষে বড় সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের পর এবার আরো দীর্ঘ সময়ে ধরে রাম কথার আয়োজন ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে। তবে সবকিছু পরিকল্পনামাফিক এগোলে ২০২৭ সালের জানুয়ারি মাসে ব্রিগেডে ফের বড় ধর্মীয় সমাবেশের সাক্ষী হতে পারে কলকাতা।