কলকাতা, নিউজ ডেস্ক: দিল্লির পর কলকাতার রাজপথেও কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দুপুর ২টো থেকে রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করার কথা ঘোষণা করা হয়েছে। এবার এই বিষয়ে কড়া হুঁশিয়ারি দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট বার্তা, ‘দুর্গাপুজোর সময়ে কোনও ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না’
সোমবার কলকাতায় একটি পুজো উদ্বোধনের পর তৃণমূলের ডাকা মিছিল নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'বেরোতেই দেব না। সিপিকে নির্দেশ দিয়েছি, রাজাবাজার থেকে এক পা এগোতে দেব না। প্রয়োজন হলে সেন্ট্রাল ফোর্সও নামাতে বলেছি। পুজোর সময় কোনও বিশৃঙ্খলা করতে দেব না।'
জ্ঞানেশকাণ্ডে উত্তাল গোটা দেশ। গত ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বিরাট প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া নিয়ে প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে একাধিক বিরোধী নেতা ও কর্মীকে আটক করে দিল্লি পুলিশ। বেআইনি জমায়েতের অভিযোগে আটক করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
একইসঙ্গে আটক হন দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন, সামিরুল ইসলাম, প্রতিমা মণ্ডলরাও। সাউথ অ্যাভিনিউয়ে মমতা তাঁর বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন। মমতাকে ধর্না প্রত্যাহারের কথা বলা হলেও তিনি রাজি হননি। এর পরেই দিল্লি পুলিশের ফোর্স এসে তাঁকে প্রিজন ভ্যানে তোলে। এবার কলকাতার রাজপথে নামতে চলেছে মমতাপন্থী তৃণমূল।
কালীঘাট তৃণমূলের তরফে মঙ্গলবার মিছিলের ডাক দিয়ে একটি প্রচারপত্র বিলি করা হয়েছে। সেখানে কেন্দ্রের বিরুদ্ধে গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তোলা হয়েছে। গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোই এই কর্মসূচির মূল লক্ষ্য।