কলকাতা, নিউজ ডেস্ক: সুইমিং ক্লাবে সাঁতার শিখতে গিয়ে মৃত্যু হলো একাদশ শ্রেণির এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে ঢাকুরিয়ার একটি সুইমিং ক্লাবে। পরে তাকে উদ্ধার করা হলেও, শেষরক্ষা হয়নি।
জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম সরিপ ঘোষ (১৬)। শহরের একটি নামী স্কুলের একাদশ শ্রেণির ছাত্র। প্রায় সাত বছর ধরে নিয়মিত সাঁতার কাটত সে। প্রতিদিনের মতোই শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ ওই কিশোর সাঁতার কাটতে নামে। সেই সময় সুইমিং পুলে আন্ডার ওয়াটার প্রশিক্ষণ চলছিল। অভিযোগ, ট্রেনিং চলাকালীন পুলে তলিয়ে যায় ওই কিশোর।
এরপর দেখা যায়, ব্যাচের বাকিরা জল থেকে উঠে এলেও, সরিপ তখনও আসায় বিষয়টি নজরে আসে প্রশিক্ষকদের। তারপর তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ। বেশ কিছুক্ষণ পর সরিপকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্ত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কীভাবে জলে তলিয়ে গেল ওই ছাত্র, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লেক থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ।
অন্যদিকে, ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে কিশোরের পরিবার। সাঁতার শেখার সময় সুইমিংপুলে নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা ছিল কি না? ঘটনার সময় প্রশিক্ষক বা লাইফগার্ডের উপস্থিতি ছিল কি না ?? সেই সমস্ত বিষয়ও খতিয়ে দেখছে পুলিশ।