একি স্বাভাবিক মৃত্যু? পাকিস্তানের ইসলামাবাদে একটি মসজিদে সন্দেহজনক ভাবে মারা গেছে লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডার কারি সাঈদ আব্দুল আজিজ। সূত্র মারফত জানা গেছে, ইসলামাবাদের কুবা মসজিদে নামাজে যাওয়ার আগে এই লস্কর কমান্ডার একটি অচেনা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে। এর কিছু পরে,মসজিদের গেটে পৌঁছাতেই ওই কমান্ডার হঠাৎ লুটিয়ে পড়ে এবং মারা যায়। কারি সাঈদের মৃত্যুর খবর পাওয়ার কিছুক্ষন আগেই লস্করের এক শীর্ষ নেতা দাবি করে--'পাকিস্তানের ভেতরে অজ্ঞাতপরিচয় কিছু লোক তাদের সংগঠনের প্রায় তিরিশজন সদস্যকে হত্যা করেছে।'
নিহত ওই কমান্ডার সংগঠনটিতে জম্মু ও কাশ্মীরে বিভিন্ন সংঘর্ষে নিহত সন্ত্রাসীদের পরিবারকে সহায়তা করার বিভাগের দায়িত্বে ছিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ছড়িয়ে পড়া একটি ভিডিও'য় রিজওয়ান হানিফ অভিযোগ করে--গত তিন থেকে চার বছরে পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওকে) লস্কর-ই-তৈবা সন্ত্রাসী গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্যকে হত্যা করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, সালে মুম্বাই হামলায় নাম উঠে আসে 'লস্কর-ই-তৈবা'র। ওই হামলাতে পাকিস্তানি সন্ত্রাসীরা ১৬৬ জন নিরপরাধ মানুষকে মেরে ফেলে। এদের অধিকাংশই ছিলেন সাধারণ নাগরিক। 'আল-কায়েদা' ও তালিবান'র সঙ্গে সম্পর্ক থাকায় ২০০৫ সালে জাতিসংঘ এই সন্ত্রাসী সংগঠনটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
এখন প্রশ্ন উঠছে, এটা কী কারি সাঈদের নিছক মৃত্যু না অন্তর্ঘাত?