স্পোর্টস ডেস্ক: টেনিস কোর্টে ভারতের অন্যতম বড় মুখ ছিলেন তিনি। এ বার দেশের টেনিস প্রশাসনের শীর্ষ পদে বসার দৌড়ে নামতে চলেছেন লিয়েন্ডার পেজ। সর্বভারতীয় টেনিস সংস্থা (AITA)-এর সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রাক্তন টেনিস তারকা। তাঁর প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে সিলমোহর দিয়েছে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন (BTA)। সোমবার সংস্থার কাউন্সিল বৈঠকে পেসকেই সভাপতি পদের প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়।
অলিম্পিকে পদক জয়ী পেজের এই প্রস্তাবে সম্মতিও মিলেছে বলে খবর। তাঁর প্রতিদ্বন্দ্বী হতে পারেন রোহিত রাজপাল। যদিও নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। বর্তমানে আমেরিকায় রয়েছেন ভারতের টেনিস কিংবদন্তি। রজার ফেডেরারের টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্তির অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছেন তিনি। চলতি মাসের শেষ দিকে দেশে ফেরার পরই লিয়েন্ডার তাঁর প্রার্থীপদ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন। AITA-এর নির্বাচন ঘোষণা হলেই তিনি সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দেবেন বলে জানা যাচ্ছে। অর্থাৎ, খেলার ময়দান থেকে প্রশাসনের মঞ্চে পেজের যাত্রা এ বার আরও এক ধাপ এগোল।
তবে AITA নির্বাচনে নামার আগে সাংগঠনিক নিয়মের গুরুত্বপূর্ণ একটি ধাপ ইতিমধ্যেই পেরিয়ে ফেলেছেন লিয়েন্ডার। সংস্থার সংশোধিত সংবিধান অনুযায়ী ‘স্পোর্টসপার্সনস অফ আউটস্ট্যান্ডিং মেরিট’ (SOM) তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য তিনি আবেদন করেছেন। সভাপতি পদে তাঁর প্রার্থী হওয়ার ক্ষেত্রে এই আবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, টেনিস প্রশাসনে পেজের আনুষ্ঠানিক প্রবেশ গত বছর নভেম্বরে। সেই সময় তিনি বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন। এ বার দেশের টেনিস প্রশাসনের সর্বোচ্চ পদে তাঁর লড়াইয়ের সম্ভাবনা তৈরি হল।
লিয়েন্ডারকে সামনে রেখে কেন এই সিদ্ধান্ত, তার ব্যাখ্যাও দিয়েছে BTA। সংস্থার বক্তব্য, ভারতীয় টেনিস এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে এমন নেতৃত্ব প্রয়োজন, যা দূরদর্শী, জবাবদিহিমূলক এবং খেলোয়াড়কেন্দ্রিক। খেলোয়াড়, কোচ, রাজ্য সংস্থা, প্রশাসক, স্পনসর-সহ টেনিসের সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকে এক ছাতার তলায় আনার মতো নেতৃত্বের প্রয়োজন রয়েছে। BTA-এর সচিব কেতন শেঠের বিবৃতিতে সেই কথাই উঠে এসেছে। ফলে কোর্টে দীর্ঘ সাফল্যের পর এ বার দেশের টেনিস প্রশাসনের রাশ হাতে নেওয়ার লড়াইয়ে নামতে চলেছেন পেজ।