নিউজ ডেস্ক: একটার পর একটা রিল! কখনও মজার ভিডিও, কখনও পছন্দের গান, আবার কখনও চোখের সামনে ভেসে উঠছে নতুন কোনও ট্রেন্ড। থামতে মন চাইনা।দেখতে দেখতে কখন যে রাত গভীর হয়ে যাচ্ছে, খেয়ালই থাকছে না! আপনারও কি ঘুমোতে যাওয়ার আগে মোবাইল স্ক্রল করার অভ্যাস রয়েছে? জানেন কি, নিয়মিত রাত জেগে রিল দেখার অভ্যাস আপনার শরীর ও মনের উপর প্রভাব ফেলতে পারে?
প্রথমত- ঘুমের ঘাটতি, মোবাইল দেখতে গিয়ে ঘুমোতে দেরি হলে শরীর প্রয়োজনীয় বিশ্রাম পায় না। এর ফলে পরের দিন ক্লান্তি, ঝিমুনি এবং কাজে মনোযোগের অভাব দেখা দিতে পারে।
দ্বিতীয়ত-চোখের সমস্যা, দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখে শুষ্ক ভাব, জ্বালা, ক্লান্তি কিংবা মাথাব্যথা হতে পারে।
তৃতীয়ত- মানসিক স্বাস্থ্যে প্রভাব, নিয়মিত পর্যাপ্ত ঘুম না হলে মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে। মনোযোগ এবং স্মৃতিশক্তিতেও প্রভাব পড়তে পারে। দীর্ঘদিন ঘুমের ঘাটতি থাকলে সামগ্রিক স্বাস্থ্যের ঝুঁকিও বাড়তে পারে।
তাহলে উপায়? ঘুমোতে যাওয়ার অন্তত ৩০ থেকে ৬০ মিনিট আগে মোবাইল সরিয়ে রাখুন। বিছানায় শুয়ে রিল দেখার অভ্যাস এড়িয়ে চলুন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমোতে যান। প্রাপ্তবয়স্কদের সাধারণত রাতে সাত থেকে ন’ঘণ্টা ঘুম প্রয়োজন।কয়েক মিনিটের বিনোদনের জন্য রাতের ঘুম বিসর্জন দেবেন না। সুস্থ শরীর ও সতেজ মনের জন্য পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই।




