কৃষ্ণনগর সার্কিট হাউসে মহুয়া মৈত্রকে ঘিরে উত্তেজনা। অভিযোগ, শুক্রবার রাত ১০ নাগাদ ঘর ছেড়ে চলে যেতে বলা হয়েছিল কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের।
ফেসবুক লাইভ করে মহুয়া মৈত্র বলেন, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ সার্কিট হাউসে পৌঁছে তিনি ঘর পান। ঘরে জল, বিছানা-সহ সমস্ত ব্যবস্থা ছিল। তাঁর ঘরেই রাতের খাবার পরিবেশনও করা হয়। তারপর হঠাৎ রাত ১০টা নাগাদ ঘর খালি করে দিতে বলা হয়। প্রশাসনের তরফে তাঁর কাছে ফোন যায় বলে দাবি কৃষ্ণনগরের সাংসদের।
শুধু তাই নয়, বারবার ফোন এবং মেসেজ করে ঘর খালি করার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে দাবি তাঁর। কিন্তু তিনি ঘর ছাড়তে অস্বীকার করেন।
মহুয়ার আরও অভিযোগ, রাত ১০টার পর সার্কিট হাউসের বাইরে বিশাল জমায়েত হয়। সেখানে বিজেপির লোকজন ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করেন বলে দাবি করেন তিনি। জেলা প্রশাসনের তরফে তাঁকে একটি বার্তাও পাঠানো হয় বলে জানান সাংসদ। সেখানে ১৪ তারিখের আগে যাঁদের বুকিং রয়েছে, তাঁদের থাকার অনুমতি রয়েছে বলে উল্লেখ করা হয়েছিল বলে দাবি তাঁর।