কলকাতার কালীঘাট তৃণমূলের সভাকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। কলকাতা হাই কোর্ট ক্যাথিড্রাল রোডে, বিড়লা তারামণ্ডলের সামনে সভা করার অনুমতি দিলেও, তৃণমূলের অভিযোগ, সেই অনুমতি কার্যকর করতে পুলিশ-প্রশাসন সহযোগিতা না করে উল্টে সভা বানচাল করার চেষ্টা করছে।
সোমবার গভীর রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আদালতের নির্দেশ অমান্য করে কেউ আইন নিয়ে ছেলেখেলা করতে পারে না। তাঁর অভিযোগ, প্রশাসনের একাংশ ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করছে, যা আদালতের নির্দেশের পরিপন্থী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে, তবে পুলিশ ও সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে।
মমতা জানান, তিনি তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রাতেই প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি নিজেও ওই মামলার পক্ষ হতে চান বলেও জানান।
বিজেপিকে নিশানা করে মমতা আরও বলেন, “আমাকে হাই কোর্টে ঢুকতে বিজেপির কত লুম্পেন বাধা দেয়, তা দেখব। কার কত বুকের পাটা আছে, সেটাও দেখা যাবে।” তাঁর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
সভা ঘিরে প্রশাসনের ভূমিকা, আদালতের নির্দেশ কার্যকর করা এবং রাজনৈতিক টানাপোড়েন, সব মিলিয়ে বিষয়টি এখন নতুন আইনি ও রাজনৈতিক সংঘাতের দিকে এগোচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তৃণমূলের অভিযোগের জবাবে এখনও পর্যন্ত প্রশাসন বা বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




