কলকাতা, নিউজ ডেস্ক: তৃতীয়ার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই তাঁর উপর হামলার চেষ্টার অভিযোগ। মমতার উপর ছুরি নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে এক মহিলার উপর। তবে মমতার উপর কোনও হামলা হয়নি বলে জানালেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। তাঁর দাবি, 'হামলা হয়েছিল বলে যে অভিযোগ উঠেছে তা সত্য নয়। এ সংক্রান্ত কোনও তথ্যও নেই।’
গত মঙ্গলবার কালীঘাট মিলন সঙ্ঘের পুজো উদ্বোধন করতে যাচ্ছিলেন মমতা। সেই সময় ঘটনাটি ঘটে। এক মহিলা ছুরি নিয়ে মমতার উপর হামলার চেষ্টা করেন বলে অভিযোগ। ওই মহিলা নিজেকে সিভিক ভলান্টিয়ার বলে পরিচয় দিয়েছিলেন। হামলার অভিযোগে গ্রেফতার হন মহিলা সিভিক ভলান্টিয়ার অনুসূয়া সাহা৷ বুধবার তাঁকে আলিপুর আদালতে পেশ করা হলে তিনি জামিনে মুক্তি পান৷
এই প্রসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা বলেন, 'মমতার উপর কোনও হামলা হয়নি। ধৃত সিভিক ভলান্টিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। গত এক বছর ধরে তিনি ডিউটিতে অনুপস্থিত ছিলেন। কোনও একটা কারণে এই ঘটনা ঘটেছে।'
মমতা বন্দ্যোপাধ্যায়কে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি নেশাগ্রস্ত অবস্থায় ওই মহিলা প্রাক্তন মুখ্যমন্ত্রীরকে ছুরি দিয়ে আঘাত করতে যাওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ করেন দোলা সেন। এই হামলার অভিযোগ তুলে কালীঘাট থানার দ্বারস্থ হন দোলা সেন। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১৭৩ ধারায় অভিযোগ নথিভুক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন তিনি। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হলেও পরে জামিনে ছাড়া পেয়ে যান।




