আগামি ২০ আগস্ট বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগির। অর্থাৎ বাংলাদেশে ২৩তম রাষ্ট্রপতির কুর্শিতে বসতে চলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগির। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে ঢাকায় সচিবালয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি।
বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থী মনোনীত হওয়ার পর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগির। মনোনয়নের পর মির্জা ফখরুলের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
অপরদিকে জামাতে ইসলামির নেতৃত্বাধীন ইসলাম ঘরানার ১১ দলের প্রার্থী হয়েছেন এলডিপির কর্নেল (অবঃ) অলি আহমদ।
বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে অলি আহমদের পক্ষে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারির নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি নির্বাচনে এই প্রার্থীর পক্ষে মনোনয়নপত্রে প্রস্তাবক ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামাতের আমির শফিকুর রহমান এবং সমর্থক নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন। গত রবিবার রাজধানী ঢাকার মন্ত্রীপাড়াখ্যাত মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপ্রতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ১৬ আগস্ট। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। রাষ্ট্রপ্রতি নির্বাচনে ভোট হবে ২০ আগস্ট।রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের জন্য ২০ আগস্ট জাতীয় সংসদের বৈঠক ডাকা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হয় জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে। এ নির্বাচনে ভোটার সংসদ সদস্যরা। তাঁদের প্রকাশ্য ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।