মহমেডান স্পোর্টিং ক্লাবের স্থায়ী আর্থিক সমাধানের পথ এখনও অধরা। প্রশাসনিক স্তরে রদবদল করেও কাটছে না অচলাবস্থা। ক্লাবের ভাঁড়ার ভরাতে আমিরুদ্দিন ববি এবং কামারউদ্দিনের পদত্যাগের পর সভাপতির দায়িত্ব নেন হুমায়ুন কবীর। বকেয়া সমস্ত ঋণ পরিশোধের আশ্বাস দিয়েছিলেন তিনি।
কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও বাস্তবের মুখ দেখেনি। বর্তমানে ক্লাবের মাথার ওপর প্রায় ১৩ কোটি টাকার দেনার বোঝা। পরিস্থিতি সামাল দিতে নতুন সভাপতি তিনটি চেক দিলেও, সূত্রের খবর—তিনটি চেকই বাউন্স করেছে। ফলে ক্ষোভ দানা বাঁধছে সমর্থকমহলে।
বৃহস্পতিবার ক্লাব তাঁবুতে সৃষ্টি হয় চরম উত্তেজনা। নতুন সভাপতির এক ঘনিষ্ঠ কর্মকর্তা খেলা দেখতে এলে, তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ সমর্থকরা। বাধ্য হয়ে ওই কর্মকর্তা ফোন মারফত অনুগামীদের সঙ্গে সভাপতির কথা বলিয়ে দেন। ফোনেই সমর্থকদের তীব্র তোপের মুখে পড়েন হুমায়ুন কবীর। বারবার চেক বাউন্স হওয়া এবং প্রতিশ্রুতি ভঙ্গের কারণ জানতে চান তাঁরা।
পরিস্থিতি সামাল দিতে আগামী ১০ অগাস্টের মধ্যে সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন সভাপতি। সেই প্রতিশ্রুতিতে ভরসা রেখে আপাতত আন্দোলন স্থগিত রেখেছেন সমর্থকরা। তবে ১০ অগাস্টের মধ্যে সমাধান না মিললে ক্লাবে বড় মাপের অশান্তির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।




