স্পোর্টস ডেস্ক: ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর থেকেই তাঁকে ঘিরে শুরু হয়েছিল নতুন জল্পনা। আফগানিস্তান প্রিমিয়ার লিগে ব্রিটিশ নাগরিক হিসেবে নাম নথিভুক্ত করতেই প্রশ্ন উঠেছিল, এ বার কি আইপিএলেও দেখা যেতে পারে মহম্মদ আমিরকে? পাকিস্তানের প্রাক্তন বাঁহাতি পেসার কি তবে নাগরিকত্বের পরিচয় বদলে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় খেলার রাস্তা খুলতে চলেছেন? যাবতীয় জল্পনায় নিজেই জল ঢাললেন আমির। জানিয়ে দিলেন, আইপিএলে নাম নথিভুক্ত করার খবর সম্পূর্ণ মিথ্যা।
সোমবার আফগানিস্তান প্রিমিয়ার লিগে ব্রিটিশ নাগরিক হিসেবে নাম লেখান আমির। চলতি বছরেই স্ত্রীর সূত্রে ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন তিনি। এরপরই খবর ছড়িয়ে পড়ে, আইপিএলের নিলামেও ব্রিটিশ নাগরিক হিসেবে নাম দিতে পারেন এই পেসার। কারণ, পাকিস্তানের নাগরিকদের আইপিএলে খেলার অনুমতি নেই। তবে ব্রিটিশ নাগরিকত্ব থাকলে সেই বাধা এড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। অতীতে আজহার মাহমুদও একইভাবে ব্রিটিশ নাগরিকত্বের সুবাদে আইপিএলে খেলেছিলেন। সেই নজির থেকেই আমিরকে নিয়ে জল্পনা আরও বাড়ে।
কিন্তু মঙ্গলবার সমাজমাধ্যমে একটি বার্তা দিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটান আমির। তিনি লেখেন, আইপিএল নিয়ে যে খবর ছড়িয়েছে, তা সত্যি নয়। অর্থাৎ আপাতত ভারতের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় খেলার কোনও পরিকল্পনা নেই তাঁর।
এর আগে ইংল্যান্ডের একশো বলের প্রতিযোগিতায় স্থানীয় ক্রিকেটার হিসেবেই খেলেছিলেন আমির। বিদেশি ক্রিকেটার হিসেবে নিলামে অবিক্রিত থাকার পর স্থানীয় ক্রিকেটারের পরিচয়ে খেলার সুযোগ পান তিনি। আমিরের বক্তব্য অনুযায়ী, কাউন্টি ক্রিকেট কিংবা একশো বলের প্রতিযোগিতায় স্থানীয় ক্রিকেটার হিসেবে খেলতে গেলে এমন নথিতে সই করতে হয়, যেখানে অন্য দেশের হয়ে স্থানীয় ক্রিকেটার হিসেবে খেলার সুযোগ থাকে না। তাঁর কথায়, পাকিস্তানের অধ্যায় এখন অতীত।
উল্লেখ্য, ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত আইপিএলে খেলেছিলেন আজহার মাহমুদ। পাঞ্জাব কিংসের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের হয়েও কয়েকটি ম্যাচ খেলেছিলেন তিনি।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন আমির। পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি একদিনের ম্যাচ এবং ৬২টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। প্রজন্মের অন্যতম সেরা বাঁহাতি পেসার হিসেবে পরিচিত আমির এখনও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় চাহিদাসম্পন্ন ক্রিকেটার। তবে আইপিএলে তাঁকে দেখা যাওয়ার সম্ভাবনা আপাতত নিজেই নাকচ করে দিলেন।




