স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের মাটিতে একদিনের সিরিজের আগে ভারতীয় ব্যাটিংয়ের পরিকল্পনা স্পষ্ট করে দিলেন অধিনায়ক শুভমান গিল। প্রথম চার ব্যাটারের জায়গা নিয়ে কোনও সংশয় নেই। তবে পাঁচ ও ছয় নম্বরে ব্যাটিংয়ের ক্ষেত্রে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে চায় ভারত। অর্থাৎ প্রতিপক্ষের বোলিং, ম্যাচের পরিস্থিতি এবং বাঁহাতি ব্যাটারের প্রয়োজনীয়তা বিচার করেই ঠিক হবে কে আগে নামবেন। মঙ্গলবার অকল্যান্ডে প্রথম একদিনের ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন ভারত অধিনায়ক।
গিলের কথায়, প্রথম চার জায়গায় থাকছেন তিনি নিজে, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার। চারজনই ডানহাতি ব্যাটার। ফলে পাঁচ ও ছয় নম্বর জায়গায় কিছুটা অদলবদলের রাস্তা খোলা রাখছে টিম ম্যানেজমেন্ট। গিল জানিয়েছেন, বাঁহাতি ব্যাটারের প্রয়োজন হলে অক্ষর প্যাটেলকে আগে পাঠানো হতে পারে। আবার পরিস্থিতি অনুযায়ী লোকেশ রাহুলকেও পাঁচ নম্বরে নামানো সম্ভব। অর্থাৎ নির্দিষ্ট ব্যাটিং অর্ডারের বাইরে গিয়ে ম্যাচের দাবি মেটানোই লক্ষ্য ভারতের।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ শুরু ৪ নভেম্বর অকল্যান্ডে। প্রথম তিন ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন গিল। এরপর দুই টেস্টের সিরিজের প্রস্তুতির জন্য তাঁকে একদিনের দল থেকে ছেড়ে দেওয়া হবে। শেষ দু’টি ম্যাচে নেতৃত্বের দায়িত্ব সামলাবেন সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার। ফলে প্রথম তিন ম্যাচে ব্যাটিংয়ের পাশাপাশি নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে গিলকে।
এদিকে ঘাড়ের পুরনো সমস্যাও এখন আর তাঁকে ভাবাচ্ছে না বলে জানিয়েছেন ভারত অধিনায়ক। প্রস্তুতিতে কোনও অসুবিধা হয়নি। প্রায় দেড় ঘণ্টা ব্যাটিং করার পাশাপাশি নির্বিঘ্নে ফিল্ডিংও করেছেন তিনি। সব দিক থেকেই নিজেকে ফিট বলে দাবি করেছেন গিল।
তবে নিউজিল্যান্ডের মাটিতে গিলের অতীত পরিসংখ্যান খুব একটা স্বস্তিদায়ক নয়। সেখানে পাঁচটি একদিনের ম্যাচ খেলে তাঁর সংগ্রহ মাত্র ১২৪ রান। সেই খারাপ স্মৃতি মুছে ফেলতেই এবার বাড়তি প্রস্তুতি নিয়েছেন তিনি। এমনকী ভালো মানের নেট বোলারদের দিয়ে অনুশীলনের ব্যবস্থা করতে চার-পাঁচ জন বোলারের থাকার খরচও নিজের পকেট থেকে দিয়েছেন ভারত অধিনায়ক। সামনে ঠাসা আন্তর্জাতিক সূচি। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই ছন্দে ফিরতে মরিয়া গিল।




