নিউজ ডেস্ক: আমেরিকার মাটিতে অবমাননার শিকার ভারতের জাতীয় পতাকা। নিউ ইয়র্কে সভা করছেন নিউ ইয়র্কে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। শনিবার রাতে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে সেই সভার বাইরে বিক্ষোভ দেখান কয়েকটি খালিস্তানপন্থী সংগঠনের সদস্যেরা। এই বিক্ষোভ চলাকালীন ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে মাটিতে ফেলে তা পদদলিত করারও অভিযোগ উঠেছে। ফলে মুহূর্তেই ছড়ায় তীব্র উত্তেজনা।
একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর (এসএফজে) সাধারণ পরামর্শদাতা গুরপতবন্ত সিংহ পান্নুনের নেতৃত্বে এই বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, একটি সুনির্দিষ্ট রাজনৈতিক-আদর্শগত কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ লক্ষ্য একটাই। ভারতকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে পরিণত করা। সেই পরিপ্রেক্ষিতেই ভারত সরকার এবং কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি আরএসএস এবং বিজেপির মতাদর্শেরও তীব্র বিরোধিতা করেন বিক্ষোভকারীরা।
এ দিকে জাতীয় পতাকা অবমাননার ঘটনাটি মেনে নিতে পারেননি অনুষ্ঠানে উপস্থিত ভারতীয় বংশোদ্ভূতরা। মুহূর্তেই ক্ষোভ ছড়িয়ে পড়ে তাঁদের একাংশের মধ্যে। খালিস্তানপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে তুমুর বাদানুবাদে জড়িয়ে পড়েন তাঁরা। যদিও বাইরে এই উত্তাল পরিস্থিতির মধ্যেও অনুষ্ঠানের নিজের বক্তব্য রাখেন মোহন ভাগবত। প্রসঙ্গত উল্লেখ্য, বিভিন্ন হিন্দু সংগঠন এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই আরএসএস প্রধানের তিন দেশ সফর বলে জানানো হয়েছিল।
এক দিকে সভার বাইরে যখন তীব্র অশান্তি। পদদলিত করা হচ্ছে জাতীয় পতাকাকে, সেই বিতর্কের আবহেই নিজের বক্তব্যে প্রবাসী ভারতীয়দের তাঁদের শিকড়ের সঙ্গে যোগসূত্র স্থাপনের আহ্বান জানান ভাগবত। একই সঙ্গে মাতৃভূমির প্রতি দায়বদ্ধতা ও বিশ্বজুড়ে ভারতীয়দের দায়িত্বের কথাও তুলে ধরেছিলেন তিনি। তবে নিউ ইয়র্কের এই চূড়ান্ত নিন্দনীয় ঘটনাকে ঘিরে যে ফের একবার প্রবাসী ভারতীয়দের মধ্যে রাজনৈতিক তথা আদর্শগত বিভাজন প্রকাশ্যে এল তা বলার অপেক্ষা রাখে না।




