৮ বছর পর আবার কমনওয়েলথ গেমসের মঞ্চে ফিরেই কঠিন চ্যালেঞ্জের মুখে 'সোনার ছেলে' নীরজ চোপড়া। পুরুষদের জ্যাভলিন থ্রো-এর যোগ্যতা অর্জন পর্বে প্রথম প্রচেষ্টায় নীরজ ৭৬.২৮ মিটার ছুড়লেও শুরুতেই শীর্ষে পৌঁছে যান শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগে। তাঁর সেরা থ্রো ৮২.৮৪ মিটার। অন্যদিকে পাকিস্তানের আরশাদ নাদিম প্রথম প্রচেষ্টায় ছোঁড়েন ৭৮.৬৩ মিটার।
দ্বিতীয় প্রচেষ্টায় অবশ্য ঘুরে দাঁড়ান নীরজ। ৭৯.৬১ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে আরশাদকে পিছনে ফেলে এগিয়ে যান ২০২১ অলিম্পিকের সোনাজয়ী। অন্যদিকে, দ্বিতীয় প্রচেষ্টায় ফাউল করেন আরশাদ। এর পর তৃতীয় ও শেষ প্রচেষ্টাতেও তিনি মাত্র ৭৫.৬৫ মিটার ছুড়তে সক্ষম হয়েছেন। ফলে প্রথম প্রচেষ্টার ৭৮.৬৩ মিটারই তাঁর সেরা থ্রো হয়ে থেকে যায়। এর ফলে যোগ্যতা অর্জন পর্বের স্ট্যান্ডিংসে সপ্তম স্থানে নেমে যান আরশাদ।
অন্যদিকে ডেকাথলনের লড়াইয়েও নজর কেড়েছেন ভারতের তেজস্বিন শঙ্কর। ১০০ মিটার স্প্রিন্ট শেষ করেন ১০.৯৬ সেকেন্ডে। পরে লং জাম্পে ৭.৪২ মিটার লাফিয়ে তিনি ইভেন্টে তৃতীয় স্থানে উঠে আসেন। যা ভারতের জন্য নিঃসন্দেহে দারুণ খবর।
পাশাপাশি ভারোত্তোলনেও পদক জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য রয়েছে ভারতের। ইতিমধ্যেই ভারতীয় ভারোত্তোলকরা ছয়টি ব্যক্তিগত পদক জিতেছেন। অষ্টম দিনের প্রতিযোগিতায় সেই সাফল্যের ঝুলি আরও ভারী করার আশা নিয়েই নামছেন দেশের বাকি প্রতিযোগীরা।