প্রকাশিত হল NEET UG 2026-এর ফলাফল। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৩ মে-র পরীক্ষা বাতিল হওয়ার পর ২১ জুন ফের পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষার ফল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ হওয়ায় এবার কাউন্সেলিং ও ভর্তি প্রক্রিয়া দ্রুত শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এবারের পরীক্ষায় ২০ লক্ষেরও বেশি পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে ১১ লক্ষ ২১ হাজার পরীক্ষার্থী পাশ করেছেন। সফল পরীক্ষার্থীদের মধ্যে ৫৮ শতাংশই ছাত্রী, অর্থাৎ পাশের নিরিখে এ বছরও এগিয়ে রয়েছেন মেয়েরা।
NTA-র তথ্য অনুযায়ী, ৭২০ নম্বরের মধ্যে ৬৯০ বা তার বেশি নম্বর পেয়েছেন ১৩৮ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে ৭০০ বা তার বেশি নম্বর পেয়েছেন ১৯ জন। এ বছরের পরীক্ষায় ৭১৫ নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হয়েছেন পঞ্জাবের আরিয়ান গুপ্ত এবং হরিয়ানার পাংশুল বনসল।
এছাড়াও, দেশের ১৭টি রাজ্য থেকে পরীক্ষার্থীরা ৭০০ বা তার বেশি নম্বর পেয়েছেন। ২৬টি রাজ্যের ছাত্রছাত্রীরা ৬৯০-এর বেশি নম্বর অর্জন করেছেন। রাজ্যভিত্তিক হিসেবে উত্তর প্রদেশে সবচেয়ে বেশি, ১.৭ লক্ষেরও বেশি পরীক্ষার্থী পাশ করেছেন।
পরিসংখ্যান বলছে, ৬৯০-এর বেশি নম্বর পাওয়া ১৩৮ জন পরীক্ষার্থী দেশের ৬৬টি শহরের বাসিন্দা। তাঁদের মধ্যে ৯৩ শতাংশের বেশি প্রথমবার NEET UG পরীক্ষায় বসেছিলেন। আবার ৯৯ শতাংশের বয়স ১৭ থেকে ১৯ বছরের মধ্যে।
এবারের ফলাফলের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান হিসাবে দেখা যাচ্ছে, ৭০০ বা তার বেশি নম্বর পেয়েছে ১৯ জন, ৬৫০ বা তার বেশি নম্বর পেয়েছে ১,৪৯২ জন, ৬০০ বা তার বেশি নম্বর পেয়েছে ১০,১৬০ জন, ৫০০ বা তার বেশি নম্বর পেয়েছে ৯০,৭৮০ জন।
পরীক্ষার্থীরা neet.nta.nic.in-এ গিয়ে নিজেদের ফল দেখতে পারবেন। সেখানে 'NEET UG 2026 Result' লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ এবং সিকিউরিটি পিন দিয়ে লগ-ইন করলেই স্কোরকার্ড দেখা যাবে। পরে সেটি ডাউনলোড করে প্রিন্ট কপি রেখে দেওয়ার পরামর্শ দিয়েছে NTA।