নিউজ ডেস্ক: আকাশে যখন বিমান ওড়ে তখন যাত্রীদের জীবন হাতে থাকে পাইলটের হাতে। কিন্তু সম্প্রতি নিজের জীবন বাজি রেখে যাত্রীদের জীবন রক্ষা করে নজির গড়েছেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর। দেশে বিদেশে সর্বত্র তাকে নিয়ে চর্চা শুরু হয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে তাঁর কৃতিত্বের প্রশংসা করেছেন। এবার ফ্লাইদুবাই পাইলট স্মিত মচ্ছর পেতে চলেছেন এক বিশেষ সম্মান।
একটি বিমানের ককপিট সেখানেই হামলা। আহত পাইলট। মাথায় একের পর এক আঘাত। গুরুতর আহত হয়েও শেষ শক্তিটুকু দিয়ে ককপিটের দরজা খুলে বাঁচিয়েছিলেন যাত্রীদের ভারতের পাইলট স্মিত। সেই সাহসিকতার জন্য এবার ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে বিশেষ সম্মান জানানোর প্রস্তাব দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন বেঞ্জামিন।
শনিবার স্মিত মচ্ছরের সঙ্গে আবেগঘন কথোপকথনে তাঁর সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন নেতানিয়াহু। তিনি বলেন, “আপনি ইজরায়েল, ভারত এবং গোটা বিশ্বের কাছে একজন নায়ক।” এরপরই তিনি জানান, আগামী বছর ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ক্যাপ্টেন স্মিতকে আমন্ত্রণ জানাতে চান তিনি। তাঁদের দিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সম্মানের মশাল জ্বালানোর ইচ্ছা প্রকাশ করেন নেতানিয়াহু।
সহ-পাইলট প্রার্থনা করার জন্য সময় চেয়েছিলেন। বিষয়টি তাঁর কাছে স্বাভাবিক মনে হয়। তাই সম্মান দেখিয়ে তিনি সামনের দিকে তাকিয়ে ছিলেন। প্রায় চার-পাঁচ মিনিট পর আচমকাই পিছন থেকে মাথায় জোরালো আঘাত আসে। এরপর পরপর আঘাত আসতে থাকে। প্রথমে তিনি ভেবেছিলেন, হয়তো বিমানের কোনও বড়সড় সমস্যা হয়েছে। পরে বুঝতে পারেন, সহ-পাইলটই তাঁকে আক্রমণ করছেন। গুরুতর আহত অবস্থায় ষ তাঁর একটাই লক্ষ্য ছিল ককপিটের দরজা খুলে বাইরে থাকা মানুষদের সাহায্য পাওয়া।
একবার দরজা খুললেও হামলাকারী সেটি ফের বন্ধ করে দেয়। এরপর শেষ শক্তিটুকু দিয়ে আবার দরজা খোলার চেষ্টা করেন স্মিত। তাঁর কথায়, “আমি যদি সেটা না করতে পারতাম, তাহলে আমি মারা যেতাম।” শেষ পর্যন্ত ককপিটের দরজা খুলতে সক্ষম হন তিনি।
স্মিতের সাহসিকতার প্রশংসা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন। এ বিষয়ে নেতানিয়াহু বলেন, অসম্ভব পরিস্থিতিতেও তাঁর বিচারবুদ্ধি ও সাহস তাঁকে মুগ্ধ করেছে। বহু মানুষের জীবন বাঁচানোর জন্য তাঁকে ধন্যবাদও জানান ইজরায়েলের প্রধানমন্ত্রী।
ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানে ঘটে যাওয়া এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে উল্লেখ করেছে সংযুক্ত আরব আমিরশাহি কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।
ইজরায়েলের স্বাধীনতা দিবসের আগে মেমোরিয়াল ডে-র পর জেরুজালেমের মাউন্ট হার্জলে এই মশাল প্রজ্বলন অনুষ্ঠান হয়। সাধারণত ইজরায়েলি নাগরিকদেরই এই সম্মানের জন্য বেছে নেওয়া হয়। তবে স্মিত মচ্ছরের সাহসিকতার জন্য এই অনুষ্ঠানে তাকে সম্মান জানানো হতে হবে। স্মিত মচ্ছর যে কাজ করে দেখিয়েছেন তা গোটা ভারতবাসীর কাছে গর্বের।
