নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস বিতর্কে গোটা দেশ যখন তোলপাড়, তখন নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিল একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। ওড়িশার বিজেপি সাংসদ অপরাজিতা সারাঙ্গীর মেয়ে অর্চিতা সারাঙ্গী দাবি করেছেন, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা সংক্রান্ত তাঁর ইনস্টাগ্রাম স্টোরি মুছে ফেলার জন্য চাপ দেওয়া হয়েছিল। তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আমি পোস্ট ডিলিট করব না।”
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর প্রকাশ্যে আসতেই অর্চিতা সারাঙ্গী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সংবাদ শিরোনামের ছবি পোস্ট করেন। কিছুক্ষণ পরেই তিনি আরও একটি স্টোরি দিয়ে লেখেন, 'আমি পোস্ট ডিলিট করব না।' এরপর থেকেই শুরু হয় জল্পনা—তাঁর উপর কি পোস্টটি সরিয়ে নেওয়ার জন্য কোনও চাপ তৈরি করা হয়েছিল?
পরবর্তী পোস্টে অর্চিতা দাবি করেন, 'ডিপি’স পিএ, যিনি আমার মাকে মেসেজ করে বলেছেন যে আগের স্টোরি যেন ডিলিট করে দিই—দয়া করে চেষ্টা করবেন না। আমি পোস্ট ডিলিট করব না। জয় জগন্নাথ! জয় হিন্দ!' এর কিছুক্ষণ পর থেকেই অর্চিতা সারাঙ্গীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর দেখা যায়নি। জানা গিয়েছে, তাঁর অ্যাকাউন্টটি ডি-অ্যাক্টিভেট করা হয়েছে।
অন্যদিকে, অর্চিতার মা তথা বিজেপি সাংসদ অপরাজিতা সারাঙ্গী প্রকাশ্যে ধর্মেন্দ্র প্রধানের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তাঁর বক্তব্য, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নৈতিক দায় স্বীকার করেই শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন এবং এটি তাঁর রাজনৈতিক দায়বদ্ধতা ও সাহসিকতার পরিচয়।