পাকিস্তান- কথার মানে শান্তির দেশ। সত্যিই কী তাই? 'শান্তির দেশ' ফের রক্তাক্ত। এবার দেশটির অশান্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি শান্তি মিছিল চলাকালীন ভয়াবহ আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটল। লক্ষ্য ছিল মিছিলের নিরাপত্তায় থাকা পুলিশকর্মীরা। এই নারকীয় হামলায় অন্তত ১৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ২০ জনেরও বেশি মানুষ। বিস্ফোরণের হাড়হিম করা ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
ঘটনাটি ঘটেছে খাইবার পাখতুনখোয়ার সোয়াত জেলার একটি ব্যস্ত শহরে। স্থানীয় আদিবাসী কাউন্সিল ‘সোয়াত আমান জিরগা’র উদ্যোগে এই প্রতিবাদী শান্তি মিছিলের আয়োজন করা হয়েছিল। গত কয়েক মাস ধরে ওই অঞ্চলে প্রতিনিয়ত ঘটে চলা হিংসাত্মক ঘটনার প্রতিবাদেই রাস্তায় নেমেছিলেন সাধারণ মানুষ ও স্থানীয় প্রতিনিধিরা। কিন্তু সেই শান্তির বার্তাবাহী মিছিলেই হামলা চালাল সশস্ত্র সন্ত্রাসবাদীরা।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হামলাটি একটি পরিকল্পিত আত্মঘাতী বিস্ফোরণ। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। পাশাপাশি, কোনো জঙ্গি গোষ্ঠীও এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। বিস্ফোরণের পরপরই আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার পরেই নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে ফেলেছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পুলিশ ও নিরাপত্তা বাহিনী। ঘাতক বা তাদের সঙ্গীদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টাও জারি রয়েছে।এই ঘটনার সাথে বালোচিস্তান ঘটনার কোন যোগসূত্র আছে কী? নজর থাকবে সেদিকেও!