নিউজ ডেস্ক: পাকিস্তানে ফের পোলিও ভাইরাসের সংক্রমণ ধরা পড়ল। এবার আক্রান্ত সাত মাসের এক শিশু। বৃহস্পতিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের খাইবার জেলায় ওই শিশুর শরীরে বন্য পোলিও ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। এর ফলে ২০২৬ সালে সে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। এর মধ্যে সাতটি ঘটনা খাইবার পাখতুনখোয়া প্রদেশের, বাকি দু’টি সিন্ধ প্রদেশের।
ইসলামাবাদের পোলিও নির্মূল সংক্রান্ত আঞ্চলিক রেফারেন্স পরীক্ষাগার নতুন সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে। আক্রান্ত শিশুটি খাইবার জেলার বারা তেহসিলের মস্তাক ইউনিয়ন কাউন্সিলের বাসিন্দা। পরীক্ষাগারের বিবৃতিতে জানানো হয়েছে, চলতি বছরে ওই জেলা থেকে এটি তৃতীয় সংক্রমণের ঘটনা। খাইবার পাখতুনখোয়া প্রদেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল সাত।
সামগ্রিক ভাবে পাকিস্তানে এ বছর বন্য পোলিও ভাইরাসের সংক্রমণ কমলেও পেশোয়ার ব্লক এবং তার লাগোয়া দক্ষিণ খাইবার পাখতুনখোয়া অঞ্চলে নিয়মিত ভাইরাসের উপস্থিতি মিলছে। পেশোয়ার ব্লকের মধ্যে রয়েছে খাইবার ও পেশোয়ার জেলা। এই অঞ্চল আফগানিস্তানের সীমান্তবর্তী। ফলে সীমান্তের দু’পারের সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে স্বাস্থ্যকর্তাদের।
খাইবার জেলার তিনটি সংক্রমণের ক্ষেত্রেই ভাইরাসের জিনগত যোগসূত্র পাওয়া গিয়েছে আফগানিস্তানের সঙ্গে। প্রতিবেশী দেশটিতে চলতি বছরে ইতিমধ্যেই ৫০টি পোলিও সংক্রমণের ঘটনা সামনে এসেছে। পাকিস্তানের পরীক্ষাগারের বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ঘটনা ফের মনে করিয়ে দিল, পোলিও ভাইরাস কোনও সীমান্ত মানে না। পৃথিবীর যে কোনও প্রান্তে কোনও শিশুই নিরাপদ নয়, যতক্ষণ না প্রতিটি শিশু সুরক্ষিত হচ্ছে এবং ভাইরাসের সংক্রমণ সম্পূর্ণ বন্ধ হচ্ছে।’
পোলিও নির্মূল করতে পাকিস্তানে চলছে টিকাকরণ কর্মসূচি। পাকিস্তান পোলিও নির্মূল উদ্যোগের আওতায় বর্তমানে ৯৭টি জেলায় বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে প্রায় ২ কোটি ৪০ লক্ষ শিশুকে সুরক্ষিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। খাইবারও রয়েছে এই কর্মসূচির আওতায়। পাশাপাশি পেশোয়ার ব্লকের ৭৮টি ইউনিয়ন কাউন্সিলে ২৬ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিশেষ ইঞ্জেকশন-ভিত্তিক পোলিও টিকাকরণ অভিযান চালানো হয়েছিল। তাতে ১০ বছর বয়স পর্যন্ত ৮ লক্ষ ২৯ হাজার শিশুকে টিকা দেওয়া হয়েছে।
তবে সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা এখনও বড় চ্যালেঞ্জ। নব্বইয়ের দশকের গোড়ায় পাকিস্তানে বছরে আনুমানিক ২০ হাজার পোলিও আক্রান্তের ঘটনা ঘটত। ২০২৫ সালে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছিল ৩১-এ। চলতি বছরে এখনও পর্যন্ত আক্রান্ত ৯ জন।
পোলিও অত্যন্ত সংক্রামক রোগ। এর কোনও নির্দিষ্ট চিকিৎসা নেই। সংক্রমণের ফলে সারা জীবনের জন্য পক্ষাঘাত হতে পারে, এমনকি কিছু ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তবে টিকাকরণের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। স্বাস্থ্য কর্তৃপক্ষের বক্তব্য, পোলিও টিকা নিরাপদ ও কার্যকর এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ-সহ বিশ্বের ১৯৫টি দেশে তা ব্যবহার করা হয়েছে।




