স্পোর্টস ডেস্ক: ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের সূচি প্রকাশ হতেই আলোচনা শুরু হয়ে গিয়েছে ক্রিকেট মহলে। আর সেই আলোচনায় পাকিস্তানকে খোঁচা দিতে ছাড়লেন না ভারতের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার পার্থিব প্যাটেল। বিশ্বকাপের নতুন ফরম্যাট নিয়ে কথা বলতে গিয়ে পাকিস্তানের পরের পর্বে ওঠার স্বপ্নকে কার্যত কটাক্ষ করলেন তিনি। পার্থিবের মতে, এ বারের সূচি দেখে পাকিস্তান শিবির হয়তো বেশ খুশি। তাদের মনে হতেই পারে, অন্তত দ্বিতীয় রাউন্ডে পৌঁছনোটা নিশ্চিত!
আগামী বছর বিশ্বকাপের মূল পর্বে অংশ নেবে মোট ১২টি দল। তাদের দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে থাকবে ৬টি করে দল। গ্রুপ এ-তে ভারতের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, জিম্বাবুয়ে এবং আফগানিস্তান। বাকি একটি দল যোগ দেবে যোগ্যতা অর্জন পর্ব থেকে। অন্যদিকে গ্রুপ বি-তে রয়েছে বাকি ৬টি দল। দু’টি গ্রুপের প্রথম তিনটি দল সরাসরি সুপার সেভেনে জায়গা করে নেবে। পাশাপাশি, দুই গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলগুলির মধ্যে যে দল এগিয়ে থাকবে, তারাও পরের পর্বে খেলার সুযোগ পাবে। অর্থাৎ, গ্রুপ পর্বের পর মোট সাতটি দল নিয়ে হবে সুপার সেভেন।
https://x.com/ICC/status/2105686839827034384
এই নতুন ফরম্যাট নিয়েই সম্প্রচারকারী চ্যানেলের আলোচনায় মুখ খোলেন পার্থিব। তাঁর কথায়, প্রতিটি দল নিজেদের মানসিকতা অনুযায়ী বিশ্বকাপের পরিকল্পনা করবে। ভারতের লক্ষ্য অন্ততঃ সেমিফাইনালে পৌঁছনো। অন্যদিকে পাকিস্তান হয়তো ভাবছে, কোনও রকমে সুপার সেভেনে পৌঁছতে পারলেই হল। তার পর দেখা যাবে কী হয়! পার্থিবের সংযোজন, সূচি দেখে পাকিস্তান বেশ খুশি হতে পারে। তাদের মনে হতেই পারে, দ্বিতীয় রাউন্ডে পৌঁছনো সম্ভব। তাঁর এই মন্তব্য ঘিরেই ক্রিকেট মহলে শুরু হয়েছে আলোচনা।
সুপার সেভেন পর্বে অবশ্য নতুন করে লড়াই শুরু হবে। গ্রুপ পর্বের কোনও পয়েন্টই পরের রাউন্ডে যোগ হবে না। প্রতিটি দল বাকি ৬টি দলের বিরুদ্ধে রাউন্ড রবিন পদ্ধতিতে খেলবে। ২৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে এই পর্ব। সেখান থেকে সেরা চারটি দল পৌঁছবে সেমিফাইনালে। ৭ অক্টোবর শুরু হবে বিশ্বকাপের গ্রুপ পর্ব। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। ২০২৩ সালের ফাইনালের পুনরাবৃত্তি দেখা যাবে কেপটাউনে। ১০ অক্টোবর জোহানেসবার্গে হবে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। উল্লেখ্য, ২০২৩ সালের বিশ্বকাপে ৯টি ম্যাচের মধ্যে ৪টি জয় এবং ৫টি হারের সঙ্গে পাঁচ নম্বরে শেষ করেছিল পাকিস্তান।
