নিট প্রশ্নফাঁস কাণ্ডে দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। এই আবহে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তিনি জানান, প্রশ্নফাঁস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন যে, এই ঘটনায় জড়িত কাউকেই রেয়াত করা হবে না এবং দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।
বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, 'প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করা হবে। তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। সেই লক্ষ্যেই আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।'
পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন, 'আমাদের তরুণদের ভালো রাখা এবং তাঁদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর চেয়ে বড় কোনও অগ্রাধিকার হতে পারে না। যাঁরা দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে চান, তাঁদের কোনওভাবেই রেয়াত করা হবে না।'
এর আগে এনডিএ-র সংসদীয় দলের বৈঠকে প্রশ্নফাঁসকে ‘মহাপাপ’ বলে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী। তবে সেই মন্তব্য ছিল দলীয় বৈঠকের ভিতরে। বিরোধীদের একাংশ প্রশ্ন তুলেছিল, তিনি কেন প্রকাশ্যে এই ইস্যুতে বক্তব্য রাখছেন না। বৃহস্পতিবারের ঘোষণার মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটালেন মোদী। প্রকাশ্যে এই কাণ্ডে সরকারি পদক্ষেপের কথা তিনি জানিয়ে দিলেন সামাজিক মাধ্যমে।




