নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন রাজ্যের মন্ত্রী তাপস রায়। সকাল থেকেই বইছে শুভেচ্ছার বন্যা। এরই মধ্যে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর জন্মদিনে কলকাতায় বক্তব্য রাখতে গিয়ে মোদীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন তিনি। একই সঙ্গে দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর ভূমিকার কথাও তুলে ধরেন তাপস রায়।
তাপস রায় বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন গোটা দেশেই উদযাপিত হচ্ছে। কেন্দ্র ও রাজ্য সরকারের পাশাপাশি দলের কর্মী-সমর্থক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরাগীরাও এই দিনটি পালন করছেন। তাঁর বক্তব্য, দেশের ১৪০ কোটি মানুষই আজ প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। মন্ত্রী তাপস রায়ের কথায়, 'নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আরও এগিয়ে যাবে এবং বিশ্বের দরবারে দেশের মর্যাদা আরও বৃদ্ধি পাবে।' দেশের উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থান শক্তিশালী করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসাও করেন তিনি।
প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিগত নিষ্ঠা ও কাজের খতিয়ান প্রসঙ্গেও বলেন তাপস রায়। তিনি বলেন, 'মোদী তাঁর কাছে একজন বড় অনুপ্রেরণা। দেশের জন্য তিনি অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে চলেছেন। নিজের স্বার্থের কথা না ভেবে দেশের মানুষের জন্য কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেন তাপস রায়।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। কোথাও সামাজিক কর্মসূচি, কোথাও সাংগঠনিক অনুষ্ঠান এবং কোথাও জনসংযোগমূলক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে। মোদীর জন্মদিনকে কেন্দ্র করে বিজেপির নেতা-কর্মীদের মধ্যেও উৎসাহ দেখা গিয়েছে। রাজ্যের পাশাপাশি গোটা দেশের এক মাসব্যাপী ব্যাপক কর্মসূচির পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপির। আবার আগামী ৭ অক্টোবর তাঁর রাজনৈতিক জীবনের ২৫ বছর পূর্ণ হবে। তাই দুটো বিষয়কে মাথায় রেখে ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ‘সেবা সংকল্প অভিযান’কর্মসূচি পালিত হবে।
দেশজুড়ে ‘আশীর্বাদ কা দিয়া’ কর্মসূচি পালনের বার্তা দেওয়া হয়েছে সরকারের তরফে। সন্ধ্যা ৭টায় মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে জন্মদিন উদ্যাপনের আহ্বান জানানো হয়েছে। এছাড়াও, রক্তদান শিবির, বৃক্ষরোপণ, জল সংরক্ষণ, বিভিন্ন জনকল্যাণমূলক কাজ এবং জনসম্পৃক্ততার কর্মসূচি রাখা হয়েছে। অন্যদিকে, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ‘অন্নপূর্ণা দিবস’পালনের কর্মসূচি নেওয়া হয়েছে। দিনটিকে স্মরণীয় করে রাখতে মহিলাদের নিয়ে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি, মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানোর কথাও জানানো হয়েছে।