নিউজ ডেস্ক: Form 6 ঘিরে নির্বাচন কমিশন বনাম বিরোধীদের সংঘাত আরও তীব্র হল। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণকে সামনে রেখে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরাসরি গুরুতর অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, Form 6-এ বেআইনি ও একতরফাভাবে পরিবর্তন করা হয়েছে এবং এর মাধ্যমে একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা হয়েছে।
রাহুলের বক্তব্য, “এখন এটা সন্দেহাতীতভাবে প্রতিষ্ঠিত যে জ্ঞানেশ কুমার বেআইনিভাবে এবং একতরফাভাবে Form 6 পরিবর্তন করেছেন।” তাঁর আরও দাবি, গণতন্ত্রের বিরুদ্ধে এই কর্মকাণ্ডের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের প্রত্যেককে জবাবদিহির মুখোমুখি হতে হবে।
রাহুলের এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক তরজা। বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র পাল্টা দাবি করেন, রাহুল গান্ধীর বক্তব্য ‘মিথ্যায় ভরা’। তাঁর অভিযোগ, সুপ্রিম কোর্ট Form 6-কে বেআইনি বলেনি। আদালতের পর্যবেক্ষণকে এ রাজনৈতিকভাবে ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
এদিকে রাহুলের অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ বলে পাল্টা বিবৃতি দিয়েছে নির্বাচন কমিশনও। কমিশনের দাবি, ২০২৫ সালের ২৪ জুন বিহারে SIR সংক্রান্ত নির্দেশ সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতেই জারি করা হয়েছিল। Form 6-এর সঙ্গে যুক্ত ঘোষণাপত্র নিয়ে সুপ্রিম কোর্টের আগের রায়ের কথাও উল্লেখ করেছে কমিশন।
তবে বিরোধীরা কমিশনের ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক নেতা কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, কমিশনের আগের বিবৃতি এবং আদালতের পর্যবেক্ষণের মধ্যে অসঙ্গতি রয়েছে।
Form 6, SIR এবং ভোটার তালিকা নিয়ে এই বিতর্ক এখন পৌঁছে গিয়েছে আদালত থেকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে। রাহুলের অভিযোগ, বিজেপির পাল্টা দাবি এবং নির্বাচন কমিশনের ব্যাখ্যা তিন পক্ষের অবস্থান ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।