পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার ইডির দপ্তরে হাজিরা দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্রের ছেলে শুভরূপ মিত্র। বুধবার নির্ধারিত সময়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। সূত্রের খবর, ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত বেশ কিছু নথি নিয়ে ইডির দপ্তরে হাজিরা দেন শুভরূপ।
এই মামলায় মদন মিত্রের পরিবার এখন ইডির নজরে। বুধবার মদনের দুই ছেলেকে তলব করা হয়েছে। আগামী ২৩ জুলাই হাজিরা দিতে বলা হয়েছে তাঁর স্ত্রীকে। আর ২৯ জুলাই ইডির দপ্তরে ডাকা হয়েছে মদন মিত্রকে।
ইডি সূত্রে জানা গিয়েছে, কামারহাটি ও টিটাগড় পুরসভায় নিয়োগে অনিয়মের অভিযোগের তদন্ত চলছে। তদন্তে প্রায় ১২৫ জনের নিয়োগে সুপারিশের তথ্য হাতে এসেছে। সেই সুপারিশে মদন মিত্রের নাম উঠে এসেছে বলেই দাবি তদন্তকারী সংস্থার। কে সুপারিশ করেছিলেন, কীসের ভিত্তিতে বা কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না, সেই বিষয়েই তথ্য সংগ্রহ করছে ইডি।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে অয়ন শীলের বাড়ি থেকে উদ্ধার হওয়া নথির সূত্র ধরেই একাধিক পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগ সামনে আসে। এরপর ইডি পৃথক মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তে কামারহাটি, টিটাগড়, বরানগর, দক্ষিণ দমদম-সহ একাধিক পুরসভার নাম উঠে এসেছে।
ইতিমধ্যেই মদন মিত্রের দক্ষিণেশ্বর ও ভবানীপুরের বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। তদন্তকারীদের নজরে রয়েছে তাঁর পরিবারের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টও। মদন মিত্রকে জিজ্ঞাসাবাদের আগে তাঁর স্ত্রী ও দুই ছেলের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে চাইছেন তদন্তকারীরা।