স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানের মালিকের সিংহাসনে এত দিন একচ্ছত্র আধিপত্য শচীন তেন্ডুলকরের। কিন্তু সেই রেকর্ডে ভাগ বসানোর দিকে ক্রমশ এগিয়ে আসছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। আর নিজের দীর্ঘদিনের রেকর্ডের দিকে রুটের এই দৌড় দেখে বিন্দুমাত্র অস্বস্তি নেই ক্রিকেটের কিংবদন্তির। বরং ইংরেজ ব্যাটারের প্রশংসায় পঞ্চমুখ সচিন। জানিয়ে দিলেন, রুটের প্রতিভা তিনি বুঝেছিলেন তাঁর প্রথম টেস্ট ম্যাচ দেখেই।
মঙ্গলবার সমাজমাধ্যম রেডিটে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন শচীন। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, টেস্ট ক্রিকেটে তাঁর সর্বাধিক রানের রেকর্ডের দিকে রুটের এগিয়ে যাওয়া নিয়ে কী ভাবছেন তিনি? উত্তরে শচীন জানান, প্রথম থেকেই রুটকে অত্যন্ত উঁচু মানের ব্যাটার বলে মনে করেছেন তিনি। তাঁর কথায়, প্রথম টেস্ট ম্যাচেই বুঝতে পেরেছিলেন, এই ইংরেজ ক্রিকেটার একদিন অনেক বড় জায়গায় পৌঁছবেন।
২০১২ সালের ডিসেম্বরে নাগপুরে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল রুটের। সেই ম্যাচে ভারতীয় দলে ছিলেন শচীনও। অভিষেকেই নিজের জাত চিনিয়েছিলেন ইংল্যান্ডের ব্যাটার। প্রথম ইনিংসে ২২৯ বল খেলে করেছিলেন ৭৩ রান। দ্বিতীয় ইনিংসে ২০ রানে অপরাজিত ছিলেন তিনি। ম্যাচটি ড্র হয়েছিল।
বর্তমানে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক রুট। ১৬৯টি ম্যাচের ৩০৯টি ইনিংসে তাঁর সংগ্রহ ১৪,২৭৮ রান। শচীনের সর্বকালীন রেকর্ড ভাঙতে প্রয়োজন আরও ১,৬৪৪ রান। অন্যদিকে, ২০০টি টেস্টে ৩২৯টি ইনিংস খেলে শচীনের সংগ্রহ ১৫,৯২১ রান। এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে এই রেকর্ডের মালিক তিনিই।
প্রশ্নোত্তর পর্বে প্রিয় বিদেশি ব্যাটারদের নাম জানতে চাওয়া হলেও উত্তর দিয়েছেন শচীন। তাঁর পছন্দের তালিকায় রয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও জো রুট এবং অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।
এ দিন একদিনের ক্রিকেটের নিয়ম বদলের পক্ষেও ফের সওয়াল করেছেন শচীন। তাঁর প্রস্তাব, ৫০ ওভারের ম্যাচকে দু’টি ২৫ ওভারের ইনিংসে ভাগ করা হোক। তবে দুই ইনিংস মিলিয়ে দলের জন্য ১০টি উইকেটই বরাদ্দ থাকবে এবং পুরো ম্যাচে ব্যবহার করতে হবে একটি বল। শচীনের মতে, এতে শিশিরের প্রভাব দুই দলের উপর সমান থাকবে এবং ব্যাটার ও বোলারদের মধ্যে ভারসাম্য ফিরবে। বোলারদের অস্তিত্ব রক্ষার জন্যও একদিনের ক্রিকেটে দ্রুত পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন তিনি।




