নিট প্রশ্নপত্র ফাঁস-কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ-সহ একাধিক দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ডাকা সংসদ অভিযানে যোগ দিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন সমাজবাদী পার্টির সাংসদ তথা অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব। এমনই দাবি করেছে সমাজবাদী পার্টি। যদিও এ বিষয়ে দিল্লি পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
সোমবার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দিল্লিতে সংসদ অভিযানে নামে সিজেপি। ডিম্পল যাদবও বিক্ষোভ মিছিলে অংশ নেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, দেশের তরুণ প্রজন্ম নিজেদের উদ্বেগের কথা তুলে ধরতে চাইছে, কিন্তু সরকার তা শুনতে বা আলোচনায় বসতে রাজি নয়। তাঁর অভিযোগ, শিক্ষার্থীরা বারবার আলোচনার দাবি জানালেও কেন্দ্রীয় সরকার উদাসীন মনোভাব নিয়েছে।
ডিম্পল আরও বলেন, গোটা নিয়োগ ও পরীক্ষার প্রক্রিয়াই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। তারই খেসারত দিতে হচ্ছে দেশের তরুণদের। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে থাকার বার্তাও দেন তিনি।
অন্যদিকে, দিল্লি পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও ১৬৩ ধারা অমান্য করে সংসদ অভিযানে নামে আন্দোলনকারীরা। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। যন্তর মন্তর এলাকা ঘিরে মোতায়েন করা হয় প্রায় পাঁচ হাজার পুলিশ ও আধাসেনা। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনাও ঘটে।
সমাজবাদী পার্টির দাবি, এই কর্মসূচি চলাকালীনই ডিম্পল যাদবকে আটক করে দিল্লি পুলিশ। ঘটনার তীব্র নিন্দা করে অখিলেশ যাদব বলেন, “বিজেপি স্বৈরাচারী কৌশল অবলম্বন করছে। শান্তিপূর্ণ প্রতিবাদও তারা সহ্য করতে পারছে না।”