নিউজ ডেস্ক: প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়তে হয়েছে মডেল ও অভিনেত্রী সামরিন কৌরকে। ভারতীয় ক্রিকেট দলের পেসার অর্শদীপ সিংয়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে একাংশের নেটিজেনের দাবি, জনপ্রিয়তা ও অর্থের জন্যই নাকি ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। অবশেষে সেই সমস্ত কটাক্ষের জবাব দিলেন সামরিন। স্পষ্ট জানিয়ে দিলেন, নিজের ব্যক্তিগত সম্পর্কের ব্যাখ্যা কাউকে দেওয়ার প্রয়োজন নেই তাঁর। আর প্রেমিকার এই অবস্থানের পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে সমর্থন জানালেন অর্শদীপও।
সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ক্ষোভ উগরে দেন সামরিন। তাঁর বক্তব্য, একজন নারী সম্পর্কের ক্ষেত্রে যে সিদ্ধান্তই নিন না কেন, তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়। সম্পর্ক ব্যক্তিগত রাখলে বলা হয়, ভালোবাসার স্বীকৃতি দিতে চান না। আবার প্রকাশ্যে ভালোবাসা প্রকাশ করলেই শুরু হয় প্রচার পাওয়ার অভিযোগ। এই দ্বিচারিতা নিয়েই প্রশ্ন তুলেছেন অভিনেত্রী।
https://x.com/ManjeetSin32075/status/2116870055623577841?a=ub3NcrjYYE70HXqVTXg&s=20
ট্রোলারদের উদ্দেশে নিজের কর্মজীবনের কথাও তুলে ধরেছেন সামরিন। তাঁর দাবি, মাত্র ১৭ বছর বয়স থেকেই কাজ করছেন তিনি। নিজের পরিশ্রমে কেরিয়ার তৈরি করেছেন এবং আর্থিকভাবেও স্বাবলম্বী। ইতিমধ্যেই ২০টিরও বেশি দেশে ঘুরেছেন। ফলে কারও অর্থ বা জনপ্রিয়তার উপর নির্ভর করে জীবন কাটানোর প্রয়োজন তাঁর নেই। অর্শদীপের সঙ্গে সম্পর্কও কোনও স্বার্থের ভিত্তিতে নয়, বরং ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়ার উপর দাঁড়িয়ে রয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিশেষ করে অন্য মহিলাদের কাছ থেকে আসা নেতিবাচক মন্তব্যে হতাশ সামরিন। তাঁর প্রশ্ন, একজন নারী কেন অন্য নারীর পাশে না দাঁড়িয়ে তাঁকে ছোট করার চেষ্টা করবেন? একই সঙ্গে জানিয়েছেন, যাঁরা শুধুমাত্র ঘৃণা ছড়াতে তাঁর প্রোফাইলে আসছেন, তাঁদের ব্লক করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এবং তাঁর টিম। সমালোচনার ভয়ে ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভালোবাসার প্রকাশ বন্ধ করবেন না বলেও স্পষ্ট করেছেন অভিনেত্রী।
এদিকে প্রেমিকার সমর্থনে এগিয়ে এসেছেন অর্শদীপ সিংও। সামরিনের সাহসিকতার প্রশংসা করে তিনি জানিয়েছেন, এমন একজন ভালোবাসার মানুষকে জীবনে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন। তাঁর মতে, কাউকে ভালোবাসা এবং তার কাছ থেকে সমান ভালোবাসা ফিরে পাওয়া জীবনের অন্যতম সুন্দর অনুভূতি। সামরিনের যত্নশীল, ভালোবাসাপূর্ণ ও বোঝার ক্ষমতারও প্রশংসা করেছেন ভারতীয় এই ক্রিকেটার।
https://www.instagram.com/reel/DfBpNMJzVTM/?utm_source=ig_web_copy_link&rpxt=NTc4MTIwNjQ2YQ==
২০২৬ সালের জুলাই মাসে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন সামরিন ও অর্শদীপ। তারপর থেকেই তাঁদের প্রেম নিয়ে চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। তবে যাবতীয় কটাক্ষের মধ্যেও একে অপরের পাশে দাঁড়িয়ে এই জুটি বুঝিয়ে দিয়েছেন, তাঁদের ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত নেবেন তাঁরাই, নেটিজেনরা নন।




