নিউজ ডেস্ক: এবার ‘সারথী’প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবুজ সাথি প্রকল্পের নাম বদলে দেওয়া হল সারথি প্রকল্প। শুধু প্রকল্পের নামেই বদল নয়, সাইকেলের রঙেও পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন নীল রঙের সাইকেল দেওয়া হলেও এবার থেকে সাইকেলের রঙ গেরুয়া বা কমলা করার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার, হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয় সাইকেল বিতরণ কর্মসূচি।
শুভেন্দু বলেন, 'এবার থেকে অষ্টম শ্রেণিতেই মিলবে ‘সারথি’। শুধু তাই নয়, তৎকালীন সরাকারকেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, '১৫ বছর আগেও সীমিত পরিসরে এসসি, এসটি ও সংখ্যালঘুদের জন্য এই স্কিম চালু ছিল। তবে আগের জমানায় পাঞ্জাব থেকে সাইকেলের খুচরো যন্ত্রাংশ এনে এখানে একত্রীকরণ করা হত। অত্যন্ত দুঃখের বিষয়, তৎকালীন শীর্ষ প্রশাসনিক আধিকারিকের আত্মীয়েরা সেই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। আমরা সেই চক্র ভেঙে বের করে এনেছি। এ বার ফ্রেঞ্চ, ফর্ক, মাডগার্ড ও টায়ার তিন স্তরে গুণমান পরীক্ষা করে নিরাপদ সাইকেল তুলে দেওয়া হচ্ছে ছাত্র-ছাত্রীদের হাতে।'
পাশাপাশি ৮০০টি স্কুলে স্মার্ট স্কুল চালু করার পরিকল্পনা রয়েছে। আধুনিক শিক্ষাব্যবস্থার উপযোগী পরিকাঠামো তৈরির স্কুলব্যাগের গুণগত মানও বাড়ানোর কথা বলা হয়েছে। এই সবুজ সাথি প্রকল্পের জন্য ৫০৮ কোটি টাকা খরচ হচ্ছে রাজ্য সরকারের ৷ কিন্তু, প্রকল্প নতুনরূপে শুরু হওয়ার আগেই এই নিয়ে রীতিমতো রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে রাজ্যের মোট ১২ লক্ষ ৫১ হাজারের বেশি পড়ুয়াকে এই প্রকল্পের আওতায় সাইকেল বিতরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সাইকেলগুলির নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরে দেওয়া হয়েছে কারিগরি মানের দিকে। ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে চালু হয়েছিল সবুজ সাথী প্রকল্প। সেই প্রকল্পের আওতায় রাজ্যের বিভিন্ন স্কুলের পড়ুয়াদের সাইকেল দেওয়া হত। নতুন সরকারের আমলে এবার সেই প্রকল্পের নাম ও সাইকেলের রঙ—দুই ক্ষেত্রেই পরিবর্তন আনা হচ্ছে।
২০১৫-১৬ শিক্ষাবর্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয় ‘সবুজসাথী’ প্রকল্প। নবম শ্রেণির প্রত্যেক ছাত্রছাত্রী পেত একটি করে সাইকেল। সাইকেলের রং ছিল নীল। মূলত প্রত্যন্ত এবং গ্রাম্য এলাকায় ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে এবং পড়াশোনায় উৎসাহ জোগাতেই এই প্রকল্প চালু করা হয়েছিল।




