বাঘ, ভালুক, হাতি—চিড়িয়াখানার এই বাসিন্দাদের দেখভাল এবং বন্যপ্রাণ সংরক্ষণ সম্পর্কে এবার হাতেকলমে শেখার সুযোগ পাচ্ছে স্কুল পড়ুয়ারা। কলকাতার আলিপুর চিড়িয়াখানার উদ্যোগে এই মাস থেকেই শুরু হচ্ছে ‘জু রেঞ্জার প্রোগ্রাম’। অষ্টম ও নবম শ্রেণির পড়ুয়াদের জন্য এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, কলকাতার বিভিন্ন স্কুল থেকে পড়ুয়াদের বেছে নিয়ে জু রেঞ্জার হিসেবে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি স্কুল থেকে দু’জন করে পড়ুয়া এই কর্মসূচিতে অংশ নিতে পারবে। প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের জীববৈচিত্র, বন্যপ্রাণ সংরক্ষণ এবং পরিবেশ রক্ষার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া হবে।
পাশাপাশি চিড়িয়াখানায় পশুপাখিদের কীভাবে দেখভাল করা হয়, বন্যপ্রাণ সংরক্ষণে চিড়িয়াখানার ভূমিকা কী এবং দর্শকদের ভিড় কীভাবে সামলাতে হয়—সেই বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।
আলিপুর চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, প্রশিক্ষণ শেষ করার পর পড়ুয়ারা নিজেদের স্কুলে ‘জু অ্যাম্বাসাডর’ হিসেবে কাজ করবে। স্কুলের অন্যান্য পড়ুয়াদের মধ্যে পরিবেশ, জীববৈচিত্র এবং বন্যপ্রাণ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার দায়িত্ব থাকবে তাদের। অর্থাৎ চিড়িয়াখানায় পাওয়া শিক্ষাকে স্কুলের গণ্ডির মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজও করবে এই খুদে রেঞ্জাররা।
এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য স্কুলগুলিকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। আলিপুর চিড়িয়াখানার ওয়েবসাইটে ইতিমধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী পড়ুয়াদের সার্টিফিকেটও দেওয়া হবে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে।