নিউজ ডেস্ক: আমেরিকার সিয়াটলে দীপাবলির অনুষ্ঠানে বর্ণবিদ্বেষী স্লোগান তুলে বিতর্কে জড়ালেন কট্টর দক্ষিণপন্থী নেতা জেক ল্যাং। শনিবার স্থানীয় সময় ওই অনুষ্ঠানে অনুগামীদের নিয়ে ঢুকে পড়েন তিনি। তাঁদের হাতে ছিল হিন্দু ও ভারতীয়দের নিশানা করে লেখা একাধিক বিদ্বেষমূলক প্ল্যাকার্ড। তবে অনুষ্ঠানস্থলে উপস্থিত মানুষজন তাঁদের বাধা দেন এবং শেষ পর্যন্ত সেখান থেকে সরিয়ে দেন।
ল্যাং ও তাঁর সঙ্গীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ডট হেডসদের দেশ থেকে তাড়াও’ এবং ‘খ্রিস্টানদের জায়গা হিন্দুরা দখল করছে, তা বন্ধ করো’। কপালে টিপ বা তিলক পরেন যাঁরা, তাঁদের উদ্দেশে ‘ডট হেডস’ শব্দটি অবমাননাকর ভাবে ব্যবহার করা হয়। দীপাবলির মতো ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ধরনের স্লোগান ঘিরে ক্ষোভ ছড়ায়।
ঘটনার ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ল্যাং নিজেই ‘এক্স’-এ পোস্ট করেন। সেখানে হিন্দুদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, সিয়াটলের অনুষ্ঠানে অ্যান্টিফা এবং হিন্দুরা তাঁদের উপরে হামলা চালিয়েছে। টেক্সাসে ডেমোক্র্যাটদের জয়ের জন্যও হিন্দুদের দায়ী করেন তিনি। ল্যাংয়ের দাবি, প্ল্যাকার্ডে লেখা স্লোগান পছন্দ না হওয়াতেই তাঁকে এবং তাঁর সঙ্গীদের বাধা দেওয়া হয়েছে।
https://x.com/choeshow/status/2119218987674599851?a=EFgB_wXG314vhX0gcqk&s=20
ঘটনার নিন্দা করেছেন মার্কিন কংগ্রেস সদস্য প্রমীলা জয়পাল। তিনি বলেন, ‘এই ঘৃণ্য ও বর্ণবিদ্বেষী আচরণে আমি গভীর ভাবে ক্ষুব্ধ। দীপাবলি একটি গুরুত্বপূর্ণ উৎসব। আমাদের সম্প্রদায়ের মানুষের ভয় ছাড়াই এই উৎসব পালন করার অধিকার রয়েছে। এই ধরনের ঘৃণার কোনও জায়গা আমাদের শহরে বা দেশে নেই।’
উত্তর আমেরিকার হিন্দু সংগঠন কোয়ালিশন অফ হিন্দুস অফ নর্থ আমেরিকাও (কোহনা) ঘটনার নিন্দা করেছে। সিয়াটল ও আশপাশের এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তারা। সংগঠনটির দাবি, ল্যাং ও তাঁর সঙ্গীরা শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন মঞ্চের সামনে গিয়ে বিক্ষোভ দেখান। ভবিষ্যতে অন্য দীপাবলির অনুষ্ঠানেও গোলমাল পাকানোর পরিকল্পনার কথা তাঁরা জানিয়েছেন বলে অভিযোগ কোহনার।
উল্লেখ্য, ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে হামলার ঘটনায় অভিযুক্তদের মধ্যে ছিলেন ল্যাং। ওই ঘটনায় চার বছর জেল খাটার পর ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় বার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তাঁকে ক্ষমা করেন ডোনাল্ড ট্রাম্প।




