নিউজ ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের গুলিতে মৃত্যু হল এক পুলিশকর্মী ও তাঁর নাবালক ছেলের। রবিবার পুলিশ জানিয়েছে, শনিবার প্রদেশের ট্যাঙ্ক জেলায় এই ঘটনা ঘটেছে। এলাকাটি দক্ষিণ ওয়াজিরিস্তানের সীমান্তবর্তী।
পুলিশ সূত্রে খবর, ওই পুলিশকর্মী নিজের জেলা ট্যাঙ্কে গিয়েছিলেন। বাড়ি ফিরে আসার পরেই অজ্ঞাতপরিচয় সশস্ত্র আততায়ীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গুলিতে গুরুতর জখম হয় তাঁর নাবালক ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। রবিবার সকালে হাসপাতালে মৃত্যু হয় ওই শিশুরও। কারা এই হামলা চালিয়েছে, কী কারণে পুলিশকর্মীকে নিশানা করা হল, তা এখনও স্পষ্ট নয়। আততায়ীদের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।




