প্রতিবছর ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় মেগা সমাবেশের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। তবে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর এবার একুশে জুলাইয়ের চিত্র সম্পূর্ণ ভিন্ন। শহিদ দিবসকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা এবার পৌঁছেছে নতুন মাত্রায়।
মঙ্গলবার কলকাতায় হবে তিনটি পৃথক কর্মসূচি—একটি কালীঘাট তৃণমূলের, একটি ঋতব্রত তৃণমূল এবং তৃতীয়টি কংগ্রেসের। একই দিনে একাধিক রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে শহরে নিরাপত্তা বজায় রাখাই এখন কলকাতা পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
যদিও পুলিশ জানিয়েছে, সভাগুলির জন্য কোনও রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করা হবে না। তবে বিভিন্ন এলাকায় ব্যাপক যানজটের আশঙ্কা রয়েছে। বিশেষ করে শহিদ মিনার চত্বরে সমর্থকদের ভিড়ের কারণে মেয়ো রোড এবং রেড রোডে যান চলাচল ধীরগতির হতে পারে। একই পরিস্থিতি তৈরি হতে পারে ডাফরিন রোডেও।
এছাড়া ক্যাথিড্রাল রোডে বিশেষ ট্রাফিক ব্যবস্থা করা হয়েছে। ওই রাস্তায় দু'মুখী যান চলাচল থাকলেও একটি দিক ব্যবহার করা হবে নির্দিষ্ট সময় অনুযায়ী। দুপুর ১টার আগে হরিশ মুখার্জি রোড থেকে পার্ক স্ট্রিটমুখী যান চলবে। আবার দুপুর ১টার পর পার্ক স্ট্রিটের দিক থেকে হরিশ মুখার্জি রোডমুখী যান চলাচলের ব্যবস্থা থাকবে।
ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ক্যাথিড্রাল রোড ক্রসিংয়েও যানবাহনের গতি ধীর হতে পারে বলে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তাই মঙ্গলবার শহরের ওই সব এলাকায় যাতায়াতের ক্ষেত্রে সময় হাতে নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। সব মিলিয়ে একুশে জুলাইকে ঘিরে কলকাতা মহানগরীজুড়ে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থার উপর বিশেষ নজর রাখছে প্রশাসন।