কলকাতা, নিউজ ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পরিবর্তন না হলে আগামী দিনে দুর্গাপুজোর দিনক্ষণ নিয়েও সরকার সিদ্ধান্ত নিত। তৎকালীন সরকারকে এমনই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
রবিবার শতদল সংঘের খুঁটিপুজোয় যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য৷ সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই ব্যঙ্গের সুরে শমীক বলেন, এবার পশ্চিমবঙ্গের মানুষ আমাদের আশির্বাদ না করতেন, তাহলে পরিস্থিতি এমন জায়গায় যেত যে, ‘মা দুর্গা সন্তানদের নিয়ে আসতে পারবেন কি না? নাকি সেটাতেও ফ্যামিলি প্ল্যানিং করে দেওয়া হবে, সেটাও সরকার ঠিক করত।’ শমীকের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
পাশাপাশি, দুর্গাপুজো নিয়ে বড় বার্তা দেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ‘রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি, তাই এবছর দুর্গাপুজো অন্যরকম হতে চলেছে। শিয়ালদহ থেকে লেবু তলা পার্কে জন সমুদ্র দেখে মানুষ। কিন্তু গত কয়েক বছরে দুর্গা পুজো বিপর্যয়ের সম্মুখীন হয়েছে।
এর আগে মা দুর্গার বিসর্জনের জায়গা পেত না মানুষ। যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা ঐতিহাসিক জায়গা। এই কলকাতা শহর মধ্য কলকাতার ইতিহাস যেনো আমরা ভুলে না যাই। এই পুজো যেন ভবিষ্যতে করে যেতে পারি সেটার জন্য সকলকে একসঙ্গে থাকতে হবে৷’
বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আগামী ১০ অক্টোবর, মহালয়ার দিন হতে চলেছে বিশেষ অনুষ্ঠান। যেখানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। পুজোয় বাংলায় থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ, বাংলায় বিজেপি শাসন প্রতিষ্ঠা হওয়ার পর এটাই মোদীর প্রথম দুর্গাপুজো। সেই কারণে, রাজ্য বিজেপির তরফে আগাম প্রস্তুতি সেরে ফেলা হচ্ছে। সূত্রের খবর,প্রধানমন্ত্রী সহ একাধিক নেতা এবার পুজোতে বঙ্গে থাকবেন।