শিলিগুড়ি, নিউজ ডেস্ক: অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে রাজ্যজুড়ে চলছে বিক্ষোভ। অন্নপূর্ণার সুবিধা প্রত্যেকের মধ্যে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছচ্ছে কি না, তা খতিয়ে দেখতে বাড়ি বাড়ি প্রচারে নামলেন তিনি। তাঁর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় গিয়ে প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন তিনি।
অন্নপূর্ণা যোজনার আওতায় যাঁরা ইতিমধ্যেই আর্থিক সহায়তা পেয়েছেন, তাঁদের বাড়ির দরজায় লাগানো হচ্ছে বিশেষ স্টিকার। সেই স্টিকারে উপভোক্তাকে ‘অন্নপূর্ণা যোজনা গর্বিত প্রাপক’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এর মাধ্যমে প্রকল্পের সুবিধা পাওয়া পরিবারগুলিকে আলাদা করে চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সমাজমাধ্যমে শঙ্কর একটি পোস্ট করে লেখেন, ‘আজ শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে গিয়ে অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকেছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখলাম। যাঁরা এই সুবিধা পেয়েছেন, তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পাশাপাশি, এই জনকল্যাণমূলক উদ্যোগের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। জনগণের পাশে থেকে, মানুষের সুবিধা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
বিধায়ক শঙ্কর ঘোষের দাবি, ‘শিলিগুড়িতে ইতিমধ্যেই কয়েক হাজার মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তবে আবেদন করেও এখনও অনেকে টাকা পাননি। তাঁদের আবেদন কেন আটকে রয়েছে, তা জানার পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট দফতরে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।’
বিধায়কের বক্তব্য, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনও যোগ্য আবেদনকারী যাতে বাদ না পড়েন, সেটাই মূল লক্ষ্য। সেই কারণেই সরাসরি উপভোক্তাদের বাড়িতে গিয়ে তাঁদের সমস্যার কথা শোনা হচ্ছে। কোনও আবেদন প্রক্রিয়াগত কারণে আটকে থাকলে তা দ্রুত সমাধানের জন্য বিধায়ক সেবা কেন্দ্রের মাধ্যমেও সহায়তা করা হবে বলে জানানো হয়েছে।