হাইভোল্টেজ সেমিফাইনালে ইংরেজদের হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এই ঐতিহাসিক জয়ের পর বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ফুটবলপ্রেমীদের পাশাপাশি এবার তাঁর ভূয়সী প্রশংসা করলেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। মেসির উদ্দেশে করা তাঁর আবেগঘন বার্তা নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে রি-শেয়ার করেছেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।
সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরুতে ১-০ গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। তবে সেই কঠিন পরিস্থিতিতে দলের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন ৩৯ বছর বয়সী লিওনেল মেসি। তাঁর দুর্দান্ত দুটি অ্যাসিস্ট থেকে গোল করেন এনজো ফার্নান্দেজ এবং লাউতারো মার্টিনেজ। এই ম্যাচের পর চলতি বিশ্বকাপে মেসির ঝুলিতে রয়েছে ৮টি গোল এবং ৪টি অ্যাসিস্টে। ১২টি গোল ইনভলভমেন্ট নিয়ে গোল্ডেন বুটের দৌড়েও সবার শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
এই মেগা ম্যাচের পর ইনস্টাগ্রামে মেসির প্রশংসায় আবেগঘন পোস্ট করেন শাকিরা। তিনি লেখেন, "লিও মেসি যা করছে, তা কল্পনারও অতীত। এটা এমন একজন মানুষের গল্প, যিনি প্রতিশ্রুতি, শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রম দিয়ে সময় ও সমস্ত প্রতিকূলতাকে হার মানিয়েছেন। তিনি প্রমাণ করেছেন, একজন মানুষকে কখনও বয়স বা অন্যের মতামত দিয়ে বিচার করা যায় না।" শুধু মেসিই নন, তাঁর স্ত্রী'র ভূমিকাও বিশেষভাবে তুলে ধরেন শাকিরা। তিনি লেখেন, "আমি বিশ্বাস করি, আন্তোনেলা রোকুজ্জোর মতো একজন জীবনসঙ্গী পাশে থাকাতেই মেসি এই অসম্ভবকে সম্ভব করার শক্তি ও অনুপ্রেরণা পায়।" শাকিরার এই বার্তা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে কৃতজ্ঞতা প্রকাশ করেন আন্তোনেলা।
বিশ্বকাপের সঙ্গে শাকিরার সম্পর্ক দীর্ঘদিনের। ২০১০ সালের বিখ্যাত 'ওয়াকা ওয়াকা' গান থেকে শুরু করে ২০১৪ সালের 'লা লা লা', দুই বিশ্বকাপেই তাঁর গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ২০২৬ বিশ্বকাপেও তিনি নাইজেরিয়ান শিল্পী বার্না বয়ের সঙ্গে যৌথভাবে অফিশিয়াল অ্যান্থেম 'দাই দাই' তৈরি করেছেন। পাশাপাশি, এবারের বিশ্বকাপ ফাইনালের হাফ-টাইম শোতেও তাঁর পারফর্ম করার কথা রয়েছে।
এদিকে মেসি ও শাকিরার ব্যক্তিগত পরিচয়ও বহুদিনের। বার্সেলোনায় খেলার সময় মেসির সতীর্থ জেরার্ড পিকের সঙ্গে সম্পর্কে ছিলেন শাকিরা। দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ২০২২ সালে পিকের সঙ্গে শাকিরার বিচ্ছেদ হলেও, মেসি ও আন্তোনেলার সঙ্গে তাঁর বন্ধুত্ব অটুট রয়েছে। সেই সম্পর্কেরই আরও এক সুন্দর প্রমাণ মিলল আর্জেন্টিনার ফাইনালে ওঠার পর শাকিরার এই আবেগঘন শুভেচ্ছাবার্তায়।