পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি’ বা এনআইএ (NIA)-র নিজস্ব একটি পূর্ণাঙ্গ থানা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বুধবার অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, জরুরি সরকারি প্রক্রিয়াবলি দ্রুত সম্পন্ন করে এই থানা তৈরির কাজ ত্বরান্বিত করা হবে।
বর্তমানে সল্টলেকে অবস্থিত এনআইএ-র আঞ্চলিক সদর দপ্তর থেকেই রাজ্যের যাবতীয় তদন্ত কার্যক্রম পরিচালিত হয়। তবে সাম্প্রতিক সময়ে একাধিক স্পর্শকাতর মামলার তদন্তভার পাওয়ার ফলে সংস্থার কাজের পরিধি ও চাপ বহুলাংশে বেড়েছে। এই বর্ধিত কাজের কথা মাথায় রেখেই নতুন থানা স্থাপনের পরিকল্পনা। তবে এই থানাটি ঠিক কোন স্থানে তৈরি হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি; তা শীঘ্রই স্পষ্ট করা হবে বলে ইঙ্গিত মিলছে।
এছাড়া, এই ক্যাবিনেট বৈঠকেই সীমান্ত সুরক্ষা জোরদার করতে বিএসএফ (BSF)-কে স্থায়ী জমি হস্তান্তরের বেশ কিছু প্রস্তাবে ছাড়পত্র দেওয়া হয়েছে--১) উত্তর দিনাজপুরের চোপড়া থানা এলাকার ফতেহাবাদ মৌজায় ০.৫৮৮ একর সরকারি জমি বিএসএফ-কে চিরস্থায়ীভাবে হস্তান্তর করা হবে।২)নদিয়ার গোপালপুরের ৫৬ ব্যাটালিয়নের 'নাতনা' বিওপি প্রতিষ্ঠার জন্য ০.৪২ একর খাস জমি হস্তান্তরের প্রস্তাবও অনুমোদিত হয়েছে। রাজ্যের নিরাপত্তা জোরদার করা, দ্রুত অপরাধ তদন্তের পরিকাঠামো তৈরি এবং আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষিত করার লক্ষ্যেই ক্যাবিনেটের এই সমন্বিত পদক্ষেপ।




