অডিও বা ভিডিও রেকর্ডিং প্রকাশ নিয়ে কড়া পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে অনুসারে আদালতের শুনানির অডিও বা ভিডিও রেকর্ডিং প্রকাশ করা যাবেনা। সুপ্রিম কোর্টের পূর্বানুমতি ছাড়া কোনও শুনানির অডিও বা ভিডিও সমাজমাধ্যম, ইউটিউব বা অন্য কোনও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ, আপলোড, শেয়ার বা ব্যবহার করা যাবে না স্পষ্ট বার্তা দিয়েছে শীর্ষ আদালত।
প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশিকায় স্পষ্ট জানিয়েছেন, আদালতের কার্যক্রমের রেকর্ডিং সম্পাদনা, পুনরায় পোস্ট, আপলোড, কিংবা বাণিজ্যিক বা আর্থিক লাভের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই কাজ পুরোপুরি নিষিদ্ধ। সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সেক্রেটারি জেনারেল এবং হাইকোর্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট রেজিস্ট্রার জেনারেলের অনুমতি ছাড়া আদালতের শুনানির অডিও-ভিডিও কোনওভাবেই ব্যবহার করা যাবে না। এর অন্যথা হলে যে কোন আইনানুর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, সাংবাদিক হর্ষিতা গ্রোভার দায়ের করা একটি জনস্বার্থ মামলার শুনানিতে এই নির্দেশ জারি করা হয়। তিনি আবেদন জানিয়েছিলেন, আদালতের কার্যক্রমের ভিডিও ক্লিপ সম্পাদনা করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং তা থেকে আর্থিক লাভের উদ্দেশ্যে ব্যবহারের উপর নিয়ন্ত্রণ করার উপরে। যাতে আদালতের নির্দেশিকার উপরেই নির্ভর করে এই কার্যক্রম।
এক্ষেত্রে সুপ্রিমকোর্ট পর্যবেক্ষণ করে দেখে, আদালতের কার্যক্রমের নির্বাচিত অংশ বা প্রসঙ্গবিচ্যুত (আউট-অফ-কনটেক্সট) ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিচারব্যবস্থার মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে এবং সাধারণ মানুষের আস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি আদালতের রেকর্ডিংয়ের অপব্যবহার রুখতেই এই অন্তর্বর্তী নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে।
সুপ্রিম কোর্টের নির্দেশের পাশাপাশি কোন কোন মন্ত্রক নোডাল সংস্থা হিসেবে কাজ করবে সেই বিষয়েও কেন্দ্র সরকারকে প্রস্তাব দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই রায় আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।




