কলকাতা, নিউজ ডেস্ক: শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও উন্নত করার লক্ষ্যে বড় পদক্ষেপ। এবার জেলায় জেলায় তৈরি করা হবে 'সিএম শ্রী' অর্থাৎ 'মুখ্যমন্ত্রী শ্রী' প্রতিষ্ঠান। শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শনিবার নিউ টাউনের কনভেনশন সেন্টারের বিদ্যাসাগর শিক্ষা সম্মান অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি জেলায় আপাতত দুটি করে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট গড়ে তোলা হবে। একইসঙ্গে উত্তরবঙ্গে ও পশ্চিমাঞ্চলে গড়ে তোলা হবে 'সেন্টার ইন এক্সলেন্স ইন স্পোর্টস সেন্টার।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, 'জহর নবোদয় বিধ্যালয়ের মতো এই স্কুলগুলিতেও ষষ্ঠ শ্রেণি থেকে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হবে। এমনকি, সেন্ট্রাল মডেল স্কুলের ধাঁচে স্মার্ট বোর্ড-সহ সব আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। পরবর্তীকালে এই স্কুলগুলিকে মডেল স্কুল করা হবে।'
শিক্ষাকে শুধু শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ না রেখে আধুনিক পরিকাঠামোর সঙ্গে যুক্ত করার উপর জোর দিচ্ছে সরকার। সেই লক্ষ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সিএম শ্রী প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। জেলাস্তরে এই প্রতিষ্ঠানগুলি তৈরি হলে পড়ুয়াদের উন্নত শিক্ষার পরিবেশ তৈরির পাশাপাশি শিক্ষাক্ষেত্রে পরিকাঠামোগত ঘাটতিও অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।