নিউজ ডেস্ক: এন্টারটেইনমেন্ট দুনিয়ার হট টপিক এখন নীতেশ তিওয়ারি পরিচালিত এবং রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’। এই ছবি মুক্তির পর থেকেই দেশজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা যেমন তৈরি করেছে তেমনই দর্শকদের ধর্মীয় ভাবাবেগ ও ভক্তিকে সম্মান জানিয়ে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিচ্ছে পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান বিনোদন ও প্রদর্শক সংস্থা এসভিএফ সিনেমাস। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেক্ষাগৃহের ভেতরে ‘রামায়ণ’ ছবির প্রদর্শন চলাকালীন কোনো ধরনের আমিষ খাবার পরিবেশন বা বিক্রি করা হবে না।
পশ্চিমবঙ্গজুড়ে এসভিএফ-এর ৩০টি ইউনিটের অধীনে মোট ৬৭টি স্ক্রিন রয়েছে, যার প্রায় ৯৫ শতাংশ স্ক্রিনে প্রতিদিন চারটি করে শো চলছে ‘রামায়ণ’-এর। এই স্ক্রিনগুলোর ভেতরে ‘রামায়ণ’ চলাকালীন চিকেন নাগেটস, চিকেন বার্গার, ফিশ ফ্রাই অর্থাৎ মাছ বা মুরগির কোনো পদ বিক্রি হচ্ছে না। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে, ঘটনার সূত্রপাত গত রবিবার। সেখানে এসভিএফ-এর মাল্টিপ্লেক্সে ‘রামায়ণ’ দেখতে গিয়ে দর্শকেরা লক্ষ করেন, সাধারণত যে কাউন্টার বা হলের ভেতরে চিকেন ও মাছের নানা পদ পাওয়া যায়, সেখানে কেবল নিরামিষ খাবারই বিক্রি হচ্ছে। মুহূর্তের মধ্যে বিষয়টি নিয়ে সমাজমাধ্যম ও দর্শকমহলে চর্চা শুরু হয় বিষয়টি। এরপরই সোমবার এসভিএফ-এর তরফে একটি লিখিত বিবৃতি দিয়ে স্পষ্ট করা হয়।
সংস্থা সূত্রে খবর, আমিষ খাবার তৈরির সরঞ্জামও আপাতত বন্ধ রাখা হয়েছে। তার পরিবর্তে দর্শকদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই, পনির কাটলেট এবং পনির বা ভেজ বার্গারের এছাড়া পপ কর্ন তো রয়েইছে তাই এরকম একাধিক নিরামিষ পদের ব্যবস্থা রাখা হয়েছে সেসব জায়গায়। এসভিএফ-এর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, “কিছু সিনেমা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। ‘রামায়ণ’ ছবিতে যখন হনুমান চালিশা বাজছে, তখন প্রেক্ষাগৃহের পরিবেশ যেন এক মন্দিরের রূপ নিচ্ছে। আমরা দর্শকের সেই ভক্তি ও আবেগকে সম্মান জানাই।” সংস্থার অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে ওই বিবৃতিতে আরও জানানো হয়, এর আগে ‘মহাবতার নরসিংহ’ ছবিটি প্রদর্শনের সময় বহু দর্শক স্বতঃস্ফূর্তভাবে প্রেক্ষাগৃহে প্রবেশের আগে বাইরে জুতো খুলে রেখেছিলেন। পাশাপাশি ‘হনুমান অংশ’ ছবির প্রদর্শনের সময়ও দর্শকদের তরফে প্রেক্ষাগৃহের ভেতর শুধুমাত্র নিরামিষ খাবার পরিবেশনের অনুরোধ জানানো হয়েছিল। সেই আবেগ ও অনুরোধকে গুরুত্ব দিয়েই এবার ‘রামায়ণ’-এর ক্ষেত্রে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এসভিএফ আরো জানিয়েছে, এই নিয়ম শুধুমাত্র যে স্ক্রিনগুলোতে ‘রামায়ণ’ চলছে, তার ভেতরের জন্যই প্রযোজ্য। অন্যান্য সিনেমার শো চলাকালীন হলের ভেতরে এবং মাল্টিপ্লেক্সের বাইরের ফুড কাউন্টারগুলোতে আগের মতোই আমিষ ও নিরামিষ মিলিয়ে সম্পূর্ণ মেনু পাওয়া যাচ্ছে। দর্শকদের খাবারের পছন্দে কোনো সামগ্রিক বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না বলে স্পষ্ট করেছে সংস্থা। যদিও বালুরঘাটের কিছু দর্শকের দাবি, কোনো কোনো ক্ষেত্রে বাইরের কাউন্টারেও আমিষ খাবার মিলছে না।
এপর্যন্ত এই সিদ্ধান্ত নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কোনো মন্তব্য করতে চাননি। অন্যদিকে, তৃণমূল নেতা বিপ্লব মিত্র জানান, “কারও অন্য কিছু খেতে ইচ্ছে হলে তিনি বাইরে খাবেন। ওখানে না পাওয়া গেলে বাইরে নিশ্চয়ই পাওয়া যাবে।”




