নিউজ ডেস্ক: জাপানের আকাশসীমায় ঢুকে পড়ল সন্দেহভাজন দুই রুশ বিমান। মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম জাপানের ফুকুওকার কাছে প্রায় পাঁচ মিনিট ধরে জাপানের আকাশসীমায় ছিল বিমান দু’টি। ঘটনায় মস্কোর কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে টোকিয়ো। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আটকাতে প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবিও জানিয়েছে জাপান সরকার।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি জানিয়েছেন, মঙ্গলবার ভোরে এই অনুপ্রবেশের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে জাপানের বিমানবাহিনী দ্রুত যুদ্ধবিমান পাঠায় এবং রুশ বিমানগুলিকে সতর্কবার্তা দেয়। কী ধরনের বিমান জাপানের আকাশসীমায় ঢুকেছিল, তা অবশ্য জানাননি কোইজুমি। তিনি বলেন, ‘রুশ বিমানের এই অনুপ্রবেশ শুধু আমাদের দেশের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘনই নয়, আমাদের নিরাপত্তার পক্ষেও হুমকি। এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।’ জাপান সরকারের তরফে মস্কোর কাছে ‘অত্যন্ত কঠোর প্রতিবাদ’ জানানো হয়েছে বলেও জানান তিনি।
কোইজুমি জানিয়েছেন, রুশ বিমানগুলি প্রথমে সুসিমা প্রণালীর উপর দিয়ে উড়ে যায়। তার পরে দক্ষিণ দিকে এগিয়ে তাইওয়ান ও জাপানের পশ্চিমতম দ্বীপ ইয়োনাগুনির মধ্যবর্তী জলসীমার উপর দিয়ে যায়। রাশিয়ার সামরিক গতিবিধির উপর জাপান কড়া নজর রাখছে বলেও জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।
এর আগে সোমবার কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী জলসীমায় দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে ঢুকে পড়েছিল কয়েকটি রুশ সামরিক বিমান। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশসীমা অবশ্য লঙ্ঘন করা হয়নি। বিমানগুলি শনাক্ত করার পরই যুদ্ধবিমান পাঠানো হয়েছিল। তবে কতগুলি বা কী ধরনের বিমান ওই অঞ্চলে ঢুকেছিল, তা প্রকাশ করেনি সিওল।
রাশিয়া ও জাপানের মধ্যে সম্পর্কের অবনতি নিয়ে বেশ কিছু দিন ধরেই উদ্বেগ বাড়ছে। জাপানের উপকূলবর্তী এলাকায় রাশিয়া ও চিনের যৌথ সামরিক তৎপরতা বৃদ্ধিও টোকিয়োর চিন্তার কারণ। গত অগস্টে জাপানের উত্তর উপকূলের কাছে রুশ নিয়ন্ত্রণাধীন ইতারুপ দ্বীপ সফর করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চারটি দ্বীপের মধ্যে অন্যতম এই ইতারুপের উপর জাপানও সার্বভৌমত্বের দাবি জানায়। সেই সফরের পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।
গত অক্টোবরের মাঝামাঝি রাশিয়ায় গুপ্তচরবৃত্তির সন্দেহে এক জাপানি সাংবাদিককে গ্রেফতার করা হয়। হোক্কাইডো সংবাদপত্রের ওই সাংবাদিককে মুক্তি দেওয়ার দাবিতে বার বার প্রতিবাদ জানিয়েছে জাপান। কিন্তু এখনও তিনি রুশ হেফাজতেই রয়েছেন। চলতি মাসের গোড়ায় পুতিনের নির্দেশে জাপান টোব্যাকো সংস্থার কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানের অস্থায়ী পরিচালনভার একটি রুশ সংস্থার হাতে তুলে দেওয়া হয়। সেই সিদ্ধান্তেরও প্রতিবাদ জানিয়েছে টোকিয়ো।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপানের কুরিল দ্বীপপুঞ্জ দখল করেছিল সোভিয়েত ইউনিয়ন। দ্বীপগুলির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এখনও পর্যন্ত দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়নি।




