নিউজ ডেস্ক: জাতীয় দলের দরজা আপাতত বন্ধ। কিন্তু হাল ছাড়তে নারাজ সূর্যকুমার যাদব। ব্যাট হাতে ঘরোয়া ক্রিকেটে ঝড় তুলে নির্বাচকদের নজর কাড়তে চাইছেন ভারতের প্রাক্তন টি-টোয়েন্টি অধিনায়ক। আর সেই লড়াইয়ে তাঁর প্রেরণা হয়ে উঠেছে মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-র একটি সংলাপ। ‘নির্বাচক যেখানে বসে, সেখানেই মারতে হবে’- ছবির এই সংলাপকেই নিজের ব্যাটিংয়ের মন্ত্র করে নিয়েছেন সূর্য।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের অধিনায়কত্ব করছেন তিনি। প্রতিযোগিতার প্রথম ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ২১ বলে অপরাজিত ৬০ রান করেছিলেন সূর্য। সেই ইনিংসে ছিল ছ'টি চার ও পাঁচটি ছক্কা। তার পর সোমবার গুজরাতের বিরুদ্ধে আরও বিধ্বংসী মেজাজে ধরা দেন তিনি। মাত্র ২৯ বলে ৮২ রান করেন। মারেন ন'টি চার ও সাতটি ছক্কা। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ১৯৮ রানের লক্ষ্য মাত্র ১৫.৪ ওভারেই পেরিয়ে যায় মুম্বই।
হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পর নিজের ব্যাটিংয়ের পরিকল্পনা ব্যাখ্যা করতে গিয়ে ধোনির ছবির প্রসঙ্গ তোলেন সূর্য। তিনি বলেন, ‘আপনারা নিশ্চয়ই এমএস ধোনির ছবিটি দেখেছেন। সেখানে মাহি ভাইয়ের এক বন্ধু বলেছিল, নির্বাচক যেখানে বসে, সেখানেই মারতে হবে। আমার পরিকল্পনাও সে রকমই ছিল। ধারাবাহিক ভাবে রান করতে চাই। দলকে জেতাতে চাই। তিন থেকে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ঝুঁকি নিয়ে খেলার চেষ্টা করছি। এই ফরম্যাটে ঝুঁকি নিলে বড় পুরস্কার পাওয়ার সুযোগও থাকে।’
মজার বিষয়, হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সিনিয়র নির্বাচক কমিটির সদস্য শিবসুন্দর দাস। কয়েক জন আইপিএল স্কাউটও মাঠে ছিলেন। তাঁদের সামনেই ব্যাট হাতে নিজের ক্ষমতা দেখিয়েছেন সূর্য।
নির্বাচকদের উদ্দেশে বিশেষ কোনও বার্তা দিতে চান না বলে জানিয়েছেন তিনি। সূর্যের কথায়, ‘আমি কাউকে কোনও বার্তা দিতে বা বিশেষ কিছু প্রমাণ করতে চাইছি না। যে ভাবে বরাবর খেলেছি, সে ভাবেই খেলাটা উপভোগ করতে চাই। এটা বিনোদনের ফরম্যাট। তাই মন খুলে খেলতে হবে।’
ব্যাটিংয়ের পাশাপাশি অনুশীলনের গুরুত্বও তুলে ধরেছেন সূর্য। গুজরাতের বিরুদ্ধে সোজা মাঠের উপর দিয়ে মারা ছক্কাটি তাঁকে বিশেষ আনন্দ দিয়েছে। কারণ, এমন শটের জন্য নেটে অনেক অনুশীলন করেছেন তিনি। অনুশীলনে যা শিখেছেন, মাঠে তা প্রয়োগ করতে পারাকেই সাফল্য বলে মনে করেন মুম্বই অধিনায়ক।
পরপর দু'টি অর্ধশতরান করে জাতীয় দলে ফেরার দাবিকে জোরালো করেছেন সূর্য। এখন দেখার, ঘরোয়া ক্রিকেটের এই আগুনে ফর্ম নির্বাচকদের মন গলাতে পারে কি না।




