বঙ্গে প্রত্যাবর্তনের আগেই যন্তর মন্তরের ছাত্র আন্দোলন নিয়ে কড়া মন্তব্য করলেন তসলিমা নাসরিন। নিজের ফেসবুক পোস্টে তিনি যন্তর মন্তরের বিক্ষোভের সঙ্গে বাংলাদেশের ২০২৪ সালের জুলাই আন্দোলনের তুলনা টেনে দাবি করেছেন, সব ছাত্র আন্দোলন গণতন্ত্র বা মুক্তির পথ দেখায় না। তাঁর এই মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
ফেসবুক পোস্টে তসলিমা লেখেন, 'যন্তর মন্তরে ‘ককরোচ’দের জমায়েত দেখে ২০২৪ সালের জুলাই আন্দোলনের কথা মনে পড়ছে। ছাত্ররা শুরু করেছিল ‘কোটা না মেধা? মেধা, মেধা’ স্লোগান দিয়ে; শেষ করেছিল সরকার পতনের দাবি তুলে।' তাঁর অভিযোগ, সেই আন্দোলনের পর বাংলাদেশে জঙ্গি ও জিহাদি শক্তির উত্থান হয়েছে এবং তার মূল্য এখনও গোটা দেশকে দিতে হচ্ছে।
লেখিকার দাবি, 'বর্বরতা, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, নারীবিদ্বেষ, সন্ত্রাস আর অরাজকতা দেশের সর্বনাশ করেছে।' সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, ২০২৪ সালের ঘটনার পর থেকে কোথাও ছাত্রদের বড় জমায়েত দেখলেই তাঁর আশঙ্কা তৈরি হয়।
তসলিমা আরও লেখেন, 'সহজে আর ভরসা করতে পারি না। কারণ ২০২৪-এর জুলাই আমাকে শিখিয়েছে—সব ছাত্র-জমায়েত গণতন্ত্রের পক্ষে নয়, সব শাসকবিরোধী আন্দোলনের গন্তব্য মুক্তি নয়, আর সব বিপ্লবও বিপ্লব নয়।' তাঁর মতে, কোনও কোনও আন্দোলন পুরনো শাসককে সরিয়ে আরও ভয়াবহ পরিস্থিতির জন্ম দেয়।
বর্তমানে নিট-ইউজি প্রশ্নফাঁস-সহ একাধিক শিক্ষাগত ইস্যুতে দিল্লির যন্তর মন্তরে ছাত্র-যুবদের আন্দোলন চলছে। এদিকে আবার কিছুদিন পরেই বাংলায় ফিরছেন তসলিমা নাসরিন। এই আবহে তাঁর এই মন্তব্যকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।