ভারতীয় রেলের ইতিহাসে নতুন নজির। তবে এবার ট্রেনের কোচে শুধুমাত্র কোন বিজ্ঞাপন নয় বরং সরাসরি ট্রেনের নামের সঙ্গে যুক্ত হচ্ছে একটি জনপ্রিয় পানীয় সংস্থার ব্র্যান্ড। লখনউ-দিল্লি রুটের তেজস এক্সপ্রেস এবার নির্দিষ্ট সময়ের জন্য স্প্রাইট তেজস এক্সপ্রেস নামে পরিচিত হবে।
রেল সূত্রে জানা গিয়েছে, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন ছয় মাসের জন্য ট্রেন ব্র্যান্ডিং এর বিজ্ঞাপনী অধিকার একটি বেসরকারি সংস্থাকে দিয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, ৮২৫০১/৮২৫০২ লখনউ-দিল্লি-লখনউ তেজস এক্সপ্রেস কে আগামী ১৯ আগস্ট থেকে ১১ নভেম্বর পর্যন্ত স্প্রাইট তেজস নামে অভিহিত করা হবে। ট্রেনের যাত্রা শুরু পথ থেকে মাঝপথের স্টেশনেও এই নামে ঘোষণা করা হবে।
এই তেজস এক্সপ্রেস প্রথম ২০১৯ সালে চালু হয়। এই এক্সপ্রেস সম্পূর্ণ শীত তাপ নিয়ন্ত্রণ ও আধুনিক পরিসেবায় সজ্জিত। যাত্রীদের জন্য খাবার ও পানীয়র ব্যবস্থা এবং সাথে অন বোর্ড বিনোদন সহ একাধিক পরিষেবা আছে। এছাড়াও সামাজিক অনুষ্ঠান ও কর্পোরেট অনুষ্ঠানে যাত্রীরা একসাথে যেতে চাইলে একটি সম্পূর্ণ এসি চেয়ার কার কোচ বুক করতেও পারেন।
রেল কর্তৃপক্ষের বক্তব্য, ভারতীয় রেলে এই প্রথম কোন ট্রেনের নামের সাথে সরাসরি কোন বাণিজ্যিক ব্র্যান্ড যুক্ত করা হচ্ছে। যদিও তেজস এক্সপ্রেস প্রাইভেট ট্রেন হিসেবে পরিচালিত হয় কিন্তু ট্রেনটির জন্য প্রয়োজনীয় ট্র্যাক, স্টেশন ও অন্যান্য পরিকাঠামো ব্যবস্থা ব্যবহারের ক্ষেত্রে IRCTC ভারতীয় রেলকে নির্দিষ্ট চার্জ দেয়।
যদিও এর আগে সাধারণত রেলের কোচে বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন বেসরকারি সংস্থাকে প্রচারের সুযোগ দেওয়া হয়েছে। তবে, এবার বিজ্ঞাপনের পরিধি আরো একধাপ বেড়েছে বলে মনে করা হয়। এবার ট্রেনের নামের সাথে ব্র্যান্ড সরাসরি যুক্ত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই নতুন উদ্যোগ রেলের আয় বাড়ানোর সম্ভাবনার ক্ষেত্র নতুন করে খুলতে সাহায্য করবে।