ফের গুলির শব্দে কেঁপে উঠল ভূস্বর্গ। এবার জঙ্গি হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ এলাকা। জনবহুল লাল চক এলাকায় কর্তব্যরত এক পুলিশকর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা।
গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যু হয় ওই পুলিশকর্মীর। হামলার পরই বাইকে চেপে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জঙ্গিরা। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
সরকারি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর প্রায় সাড়ে ১২টা নাগাদ অনন্তনাগের লাল চকে এই হামলার ঘটনা ঘটে। নিহত পুলিশকর্মী একজন হেড কনস্টেবল ছিলেন এবং সেই সময় পেট্রোলিং ডিউটিতে মোতায়েন ছিলেন। আচমকাই বাইকে করে এসে জঙ্গিরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।
স্থানীয় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে অনন্তনাগ সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু গুরুতর আঘাতের কারণে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হামলার পরপরই নিরাপত্তা বাহিনী গোটা লাল চক এবং সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলে। জঙ্গিদের খুঁজে বের করতে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান। বিভিন্ন প্রবেশ ও প্রস্থান পথেও নজরদারি বাড়ানো হয়েছে।