এবার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়ল খাস শহর কলকাতায়। পোস্টারে লেখা,'বেইমান আর চোরটা, নয়না দিদির বরটা'। পোস্টারের নীচে স্পষ্ট করে লেখা,'প্রচারে তাপস রায় এবং কুণাল ঘোষ'। এই পোস্টার ঘিরে তুমুল রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে। তবে কে বা কারা এই পোস্টার ছাপিয়েছে, তা এখনও জানা যায়নি।
মঙ্গলবার সকাল থেকে উত্তর কলকাতার লেবুতলা এলাকায় একাধিক জায়গায় এই পোস্টার দেখা গিয়েছে। তালতলা বাস স্টপ, বঙ্গবাসী কলেজ, এজেসি বোস কলেজ, ক্রিক রো সহ বেশ কয়েকটি জায়গায় একটি পোস্টার দেখা যায়। পোস্টারে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। পোস্টারে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ‘বেইমান’ এবং ‘চোর’ বলে আক্রমণ করা হয়েছে।
এই চাঞ্চল্যকর পোস্টারে তাপস-কুণালের নাম উল্লেখ থাকায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যদিও ঘটনার দায় পুরোপুরি অস্বীকার করেছেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। তিনি বলেন,'পোস্টারে যে তাপস রায়ের নাম উল্লেখ রয়েছে, ওই ব্যক্তি আমি নই। আমি এই বিষয়ে কিছু জানি না। পোস্টারে যে শব্দগুলি ব্যবহার করা হয়েছে তাতে আমার সহমতে কিছু যায় আসে না,তবে আমার ধারণা এই কাজটি এলাকার সাধারণ মানুষ কিংবা তৃণমূল করে থাকতে পারে।'
পাশাপাশি, কুণাল ঘোষও সমস্ত দায় অস্বীকার করে বলেন, 'ওই পোস্টারে লেখা কুণাল ঘোষ আমি নই। আমি খোঁজ নিচ্ছি । তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেইমানি বা যে অভিযোগ উঠেছে, তা নিয়ে দ্বিমত নই । এটা গোটা কলকাতা জানে এবং আমিও অতীতে বারবার বলেছি।'