প্রশ্নফাঁস নিয়ে উত্তাল হয়েছিল জাতীয় রাজনীতি, চাপে পড়ে পদত্যাগ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তার পরেই দেশজুড়ে প্রশ্নফাঁস রুখতে সংসদে বিশেষ এক সংশোধনী বিল আনে মোদী সরকার। এ বিষয়ে মঙ্গলবার লোকসভায় দীর্ঘ ছয় ঘণ্টার বিতর্ক হওয়ার কথা। খোদ স্পিকার এ নিয়ে আহ্বান করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
একইসঙ্গে তৃণমূল ছেড়ে নতুন দল এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদদেরও তীব্র ভাষায় আক্রমণ করেছেন তিনি। সৌগত রায়ের অভিযোগ, ওই সাংসদরা তৃণমূল কংগ্রেসের প্রতীকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ সামনে রেখেই নির্বাচনে জিতেছিলেন। বিজেপির বিরোধিতা করে মানুষের ভোট পেয়েও এখন বিজেপি-ঘনিষ্ঠ শিবিরে যোগ দিয়ে তাঁরা জনাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে দাবি তাঁর।
এদিকে, সংসদের বাদল অধিবেশনের মধ্যেই মঙ্গলবার সকালে শুরু হয়েছে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক বৈঠক। সেখানে উপস্থিত ঠালবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অনেক হেভিওয়েট। উল্লেখযোগ্য বিষয় হল, এই বৈঠকে প্রথমবারের ডাক পেয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ, শতাব্দী রায়, শর্মিলা সরকার, মিতালি বাগ সহ এনসিপিআই সাংসদরাও।
অন্যদিকে, চলতি বাদল অধিবেশনে নিট সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁস, পরীক্ষা সংস্কার এবং ছাত্র আন্দোলন ঘিরে বিরোধীদের প্রতিবাদে সংসদ বারবার উত্তপ্ত হয়েছে। তার মধ্যেই কেন্দ্র পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬ লোকসভায় পেশ করেছে, যা নিয়ে বিতর্ক হয়েছে যথেচ্ছ। এখন এটাই দেখার যে, মঙ্গলবারের বৈঠক থেকে ঠিক কী উঠে আসে।




